দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল দীর্ঘদিনের গ্যাঞ্জাম। বিএনপি-জামায়াতের সঙ্গে এনসিপির মতবিরোধ, কে আগে সংস্কার করবে আর কে আগে নির্বাচন চাইবে, এসব নিয়ে রাজনীতির মাঠে চলছিল নিয়মিত ঝগড়াঝাটি। তবে সাম্প্রতিক সহিংসতা, প্রাণহানি ও বাসে আগুন দেওয়ার ঘটনায় হঠাৎ করেই আবারও জাতীয় ঐক্যের দেখা পেয়েছে রাজনৈতিক দলগুলো। আর এই ঐক্য ফিরিয়ে আনার কৃতিত্ব শেখ হাসিনাকে দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছে দলগুলো।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন কাল্পনিক সাক্ষাৎকারে বলেন, আমরা এতদিন নিজেরা নিজেরা তর্ক করছিলাম। কিন্তু দেশের পরিস্থিতি এমন জায়গায় গেছে যে এখন অন্তত কিছু বিষয়ে সবাই একমত। আপাকে ধন্যবাদ, আমাদের রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠার একটা উপলক্ষ তৈরি করে দেওয়ার জন্য। এদিকে এনসিপির এক নেতা বলেন, আমরা তো ভেবেছিলাম জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে আরও অনেকগুলো সংলাপ, সংস্কার কমিশন আর গোলটেবিল বৈঠক লাগবে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন সবাই একই কথা বলছে। থ্যাংকিউ-লাবিউ আপা।
অন্যদিকে জামায়াতের এক কাল্পনিক নেতা বলেন, আমরা সবসময়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখে খুব ভালো লাগছে, ইয়ে মানে এখন যদি একটু আমাদের পুরনো মিত্রদেশের সাথেও একটা ঐক্য করা যেত...
তবে রাজনৈতিক দলগুলোর এই ঐক্যের খবরে মোটেও খুশি হতে পারেনি শেখ হাসিনা। ঘনিষ্ঠ মহলের বরাতে জানা যায়, দলগুলোর এমন মিলেমিশে থাকার খবর শুনে তিনি নাকি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজাকারের বাচ্চারা, এমনিতে তোমরা একজন আরেকজনের পেছনে লেগে থাকো। আর আমার কথা শুনলেই সবার মধ্যে খুব মিলমিশ! এরপর তিনি সাইদ খোকনের স্টাইলে চিৎকার করে বলতে শুরু করেন, অপরাধটা কী আমার? আর মানুষ পাও নাই, বারবার শুধু আমার উপরে? কেন? কেন?


