নাম: অরুন্ধতী রায়, অভিজ্ঞতা: স্থপতি, কেক-বিক্রেতা, চিত্রনাট্যকার, বুকার বিজয়ী

০ পঠিত ০ ... ১৬ মিনিট আগে

 

মেয়েটির বয়স তখন মাত্র ষোলো। একদিন কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেল। কেন গেল? জিজ্ঞেস করলে হয়তো বলত, এমনি। ষোলো বছর বয়সে মানুষ অনেক কিছুই করে ফেলে, তখন সবকিছুর কারণও খুঁজতে ইচ্ছা করে না। পরে বড় হলে সেই কাজগুলোর কারণ খুঁজতে বসে।

মেয়েটি গিয়ে উঠল দিল্লিতে। টিনের চালার একটা ছোট ঘরে থাকত। বৃষ্টি হলে সেই চালে খুব শব্দ হতো। শব্দটা শুনতে ভালো লাগত কি না জানি না, তবে ঘুমের বেশ সমস্যা হতো বলে মনে হয়।

মেয়েটির মা ছিলেন আরেক কাঠি সরেস। নাম মেরি রায়। কেরালার সিরিয়ান খ্রিস্টান পরিবারের মেয়ে। সেই সময়কার আইন অনুযায়ী, বাবা উইল না করে মারা গেলে ছেলেরা সম্পত্তির বড় অংশ পেত, আর মেয়েরা পেত নামমাত্র কিছু। মেরি বললেন, এই অন্যায় মেনে নেওয়া যায় না। মামলা করলেন, লড়াই করতে করতে চলে গেলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত জিতলেনও। সালটা ১৯৮৬। একজন নারী সেদিন শুধু নিজের সম্পত্তির জন্য লড়েননি, লড়েছিলেন কেরালার আরও অনেক নারীর অধিকারের জন্য। যাদের অনেকেই হয়তো কোনোদিন মেরি রায়ের নামও শোনেননি।

এমন মায়ের মেয়ে যে একটু অন্যরকম হবে, সেটা অবশ্য অবাক হওয়ার কিছু না। তবে মা-মেয়ের সম্পর্কটা খুব সহজ ছিল না। অনেক বছর পর অরুন্ধতী যখন নিজের মাকে নিয়ে লিখলেন, তখন তার কথায় একটা কঠিন প্রশ্ন উঠে এল। যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারেন, তাকেই কি আবার ভালোবাসা যায়? একজন মানুষের প্রতি ভালোবাসা আর ভয় কি একই সঙ্গে থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অনেকের সারা জীবন কেটে যায়।

অরুন্ধতী স্থাপত্যবিদ্যা পড়েছিলেন। জীবনের একটা সময় গোয়ার সমুদ্রের ধারে কেকও বিক্রি করেছেন। এরপর সিনেমার চিত্রনাট্য লিখলেন। তখনও কেউ জানত না, এই মেয়েই একদিন এমন একটা বই লিখবেন, যেটা সারা পৃথিবীর পাঠক পড়বে।

১৯৯৭ সালে প্রকাশিত হলো তার প্রথম উপন্যাস দ্য গড অব স্মল থিংস। গল্পে আছে একটা ভাঙা পরিবার, দুই যমজ শিশু, একটা নদী আর এমন এক ভালোবাসার গল্প, যেটাকে সমাজ মেনে নিতে পারেনি। বইটি প্রকাশের পরপরই দারুণ সাড়া ফেলে। একই বছর জিতে নেয় বুকার পুরস্কার।

এরপর যা হলো, সেটা আরও মজার। এত বড় একটা পুরস্কার পাওয়ার পর সাধারণত লেখকরা পরের বই লেখার প্রস্তুতি নেন। কিন্তু অরুন্ধতী গেলেন অন্য পথে। প্রায় বিশ বছর আর কোনো উপন্যাস লিখলেন না। লিখলেন প্রবন্ধ, রাজনৈতিক লেখা, বক্তৃতা। পারমাণবিক অস্ত্র, যুদ্ধ, রাষ্ট্রের ক্ষমতা, আদিবাসীদের অধিকার, নানা বিষয় নিয়ে কথা বললেন। অনেকে ভাবলেন, লেখক বুঝি হারিয়ে গেছেন। আসলে হারাননি। ২০১৭ সালে আবার ফিরলেন দ্বিতীয় উপন্যাস দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস নিয়ে।

অবশ্য সবাই তাকে পছন্দ করেন, এমন না। কেউ তাকে সাহসী লেখক মনে করেন, কেউ তার রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন। তাকে নিয়ে বিতর্ক আছে, মতভেদ আছে। আর সেটাই স্বাভাবিক। অরুন্ধতী নিজেও সম্ভবত সবাইকে খুশি করার জন্য লেখেন না।

এরপর ২০২৫ সালে প্রকাশিত হলো মাকে নিয়ে তার স্মৃতিকথা Mother Mary Comes to Me। বইটিতে তিনি নিজের মা, শৈশব, মা-মেয়ের জটিল সম্পর্ক এবং নিজের বেড়ে ওঠার গল্প বলেছেন। ২০২৬ সালে বইটি আত্মজীবনী বিভাগে ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল পুরস্কার জিতেছে।

ষোলো বছর বয়সে যে মেয়েটি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এত বছর পর সেই মেয়েই নিজের মাকে নিয়ে বই লিখছেন। যে সম্পর্কের মধ্যে ভালোবাসা ছিল, অভিমান ছিল, কষ্ট ছিল, সেই সম্পর্কের গল্পই এখন হাজার হাজার মানুষ পড়ছে।

শুভ জন্মদিন, অরুন্ধতী রায়।

০ পঠিত ০ ... ১৬ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​