১৯২২ সালের কথা। ভারতবর্ষ তখন ব্রিটিশদের অধীনে। চারদিকে পরাধীনতার যন্ত্রণা, মানুষের ক্ষোভ, রাজনৈতিক দমন-পীড়ন। এমন একটা সময়ে কাজী নজরুল ইসলাম নিজের সম্পাদনায় বের করলেন অর্ধসাপ্তাহিক পত্রিকা ধূমকেতু। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১১ আগস্ট ১৯২২। পত্রিকাটার নামের মতোই এর লেখালেখিও ছিল বেশ বিস্ফোরক। নজরুল শুরু থেকেই পরিষ্কার করে দিতেছিলেন, তিনি ব্রিটিশদের একটু সমালোচনা করে থেমে যাওয়ার মানুষ না। তার দাবি ছিল পূর্ণ স্বাধীনতা।
এরপর ১৯২২ সালের সেপ্টেম্বর মাসে ধূমকেতুর শারদীয় সংখ্যায় প্রকাশিত হইল নজরুলের সেই বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনে। দুর্গাপূজার আবহে লেখা কবিতাটায় তিনি দেবী দুর্গাকে আহ্বান করলেন। তবে এই আহ্বান আর দশটা পূজার কবিতার মতো ছিল না। এখানে আনন্দময়ী মায়ের আগমন মানে শুধু উৎসবের আনন্দ না, বরং অত্যাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। কবিতায় দেবীকে যেন বলা হইতেছে, চারদিকে এত অন্যায়, এত অত্যাচার, এত মানুষের কান্না, তুমি কি এখনো চুপ করে থাকবা? অসুর বধ করার জন্য এবার মর্ত্যে নেমে আসো।
পাঠকরা কবিতার ভাষা বুঝছিলেন। ব্রিটিশ সরকারও বুঝছিল। কারণ কবিতার অসুর আসলে কারা, সেটা বুঝতে খুব বেশি সাহিত্যজ্ঞান লাগে না।
সরকারের কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগল না। নজরুলের লেখায় ধর্মীয় রূপকের আড়ালে সরাসরি রাজনৈতিক বিদ্রোহের ডাক ছিল। ফলে সরকার কবিতাটাকে রাজদ্রোহী হিসেবে বিবেচনা করল। শুধু আনন্দময়ীর আগমনে না, ধূমকেতুতে প্রকাশিত বিদ্রোহীর কৈফিয়ত'ল লেখাটাও নিষিদ্ধ করা হইল।
এরপর ৮ নভেম্বর ১৯২২ পুলিশ কলকাতায় ধূমকেতু পত্রিকার অফিসে তল্লাশি চালাইল। সেদিন নজরুল সেখানে ছিলেন না। তিনি তখন সমস্তিপুরে। পুলিশ অফিসে এসে নিষিদ্ধ লেখাগুলোর সরকারি আদেশ দেখিয়ে গেল। অর্থাৎ একজন কবির লেখা কবিতা নিয়ে তখন ব্রিটিশ সরকারের রীতিমতো পুলিশি অভিযান চলতেছে!
এর মধ্যেই আসে ২৩ নভেম্বর ১৯২২। এই দিন ব্রিটিশ সরকার নজরুলের প্রবন্ধসংকলন যুগবাণী নিষিদ্ধ ঘোষণা করল। বইটাতে বিভিন্ন সময়ে লেখা তাঁর রাজনৈতিক ও সামাজিক প্রবন্ধ সংকলিত ছিল। বইটা নিষিদ্ধ থাকল ১৯৪৭ সাল পর্যন্ত। ভাবা যায়, একজন লেখকের একটা বই প্রায় ২৫ বছর নিষিদ্ধ করে রাখতে হইছিল!
তবে নজরুলকে থামানো গেল না। তার বিরুদ্ধে রাজদ্রোহের মামলা হইল। গ্রেফতারের তারিখ নিয়ে বিভিন্ন সূত্রে মতভেদ আছে। কোথাও ২৩ নভেম্বর ১৯২২, আবার কিছু সূত্রে ২৩ জানুয়ারি ১৯২৩ উল্লেখ করা হইছে। তবে তিনি কুমিল্লা থেকে গ্রেফতার হয়ে কলকাতায় আসছিলেন, এমন বিবরণ বিভিন্ন সূত্রে পাওয়া যায়।
আদালতে নজরুল আত্মপক্ষ সমর্থনে যে বক্তব্য দিছিলেন, সেটা পরে রাজবন্দীর জবানবন্দী নামে ইতিহাসের অংশ হয়ে যায়। ২৭ জানুয়ারি ১৯২৩ ধূমকেতুতে এটা প্রকাশিত হয়। সেখানে তিনি মূলত বুঝিয়ে দিছিলেন, তার কণ্ঠ কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত কণ্ঠ না। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাই তার দায়িত্ব। একজন কবিকে আদালতে দাঁড়িয়ে নিজের লেখার জন্য ক্ষমা চাইতে হবে, এমন মানসিকতা তার ছিল না।
শেষ পর্যন্ত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হইল। প্রথমে আলিপুর জেল, পরে হুগলি জেলে রাখা হইল। কিন্তু জেলের ভেতরেও নজরুলের প্রতিবাদ থামল না। কয়েদিদের ওপর দুর্ব্যবহার এবং জেল কর্তৃপক্ষের অত্যাচারের প্রতিবাদে ১৪ এপ্রিল ১৯২৩ তিনি অনশন শুরু করলেন। সেই অনশন চলল প্রায় ৪০ দিন। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তাকে অনশন ভাঙার অনুরোধ জানাইছিলেন। পরে অনশন ভাঙলেও নজরুলের প্রতিবাদী অবস্থান বদলায় নাই।
একটা কবিতা, কয়েকটা প্রবন্ধ আর একটা পত্রিকা নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের এত ভয়! যে সাম্রাজ্যের হাতে পুলিশ, সেনাবাহিনী, আদালত, কারাগার সবকিছু ছিল, তারা একজন কবির লেখা নিয়ে এতটা উদ্বিগ্ন হইছিল কেন?
আসলে তারা বুঝছিল, সব বিদ্রোহ বন্দুক দিয়ে হয় না। কখনো কখনো একটা কবিতাও মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে পারে। যে মানুষ এতদিন অন্যায়কে স্বাভাবিক ভেবে মেনে নিচ্ছিল, সে হঠাৎ প্রশ্ন করতে শুরু করতে পারে। আর শাসকের সবচেয়ে বড় ভয় বোধহয় এই প্রশ্ন করাটাই।
নজরুলের কবিতায় দুর্গা শুধু পূজার মণ্ডপের দেবী ছিলেন না। তিনি হয়ে উঠছিলেন অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আর ব্রিটিশ সরকার সেই কবিতার রাজনৈতিক অর্থ বুঝতে পারছিল বলেই কবিকে কারাগারে পাঠাইছিল।
আজ প্রায় একশ বছর পরেও নজরুলের সেই কবিতা নিয়ে আলোচনা হয়। অথচ যে ব্রিটিশ সাম্রাজ্য কবির কলম থামাতে চাইছিল, সেই সাম্রাজ্যই আজ ইতিহাসের পাতায়। কবি রয়ে গেছেন মানুষের মুখে, গানে, কবিতায় আর প্রতিবাদের ভাষায়।



পাঠকের মন্তব্য