বাংলাদেশি ভিসার জন্য আবেদন করছেন আওয়ামী নেতারা, ঘুরে দেখলেন ইমিগ্রেশন অফিসও

২৩ পঠিত ০ ... ১৭:২১, নভেম্বর ২৩, ২০২৬


ডিসেম্বরে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তবে এবার আর নেতাকর্মীদের মিছিল নিয়ে নয়, রীতিমতো পাসপোর্ট-ভিসা নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন তাঁরা। জানা গেছে, বাংলাদেশি ভিসার জন্য আবেদন করার পাশাপাশি সম্ভাব্য প্রবেশপথ হিসেবে বেনাপোল ইমিগ্রেশন অফিসও ঘুরে দেখেছেন তাঁদের কেউ কেউ। সূত্র জানায়, দেশে ফেরার ব্যাপারে বেশ আগ্রহী হলেও কোন ভিসায় ফিরবেন এবং দেশে ঢোকার পর কোথায় যাবেন, তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন নেতারা। বিশেষ করে বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে কী বলতে হবে, তা নিয়ে চলছে বিশেষ প্রস্তুতি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, দেখুন, বাংলাদেশে থাকলেও আমরা সেবা করেছি ভারতীয়দেরই। আমাদের সেই নিরলস সেবার প্রতিদান হিসেবে ভারত সরকার আমাকে রিফিউজি পাসপোর্ট দিয়েছে। এখন এক দেশের পাসপোর্ট নিয়ে আরেক দেশে যেতে হলে ভিসা তো লাগবেই। এখানে এত অবাক হওয়ার কী আছে? তবে বাংলাদেশে কতদিন থাকবেন, এমন প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নেতা। প্রথমে বলেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। পরে আবার জানান, থাকার মেয়াদ নির্ভর করবে ইমিগ্রেশন কর্মকর্তারা কতদিনের ভিসা দেন তার ওপর।

জানা গেছে, সম্ভাব্য যাত্রীদের কেউ কেউ দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি পুরোনো রাজনৈতিক পরিচয়ও গুছিয়ে রাখছেন। তবে কোন পরিচয়টি ইমিগ্রেশনে দেখানো হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ভিসা আবেদনের ফরমে ‘বাংলাদেশে আসার উদ্দেশ্য’ ঘরে কী লিখবেন, তা নিয়ে নেতাদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। কেউ লিখতে চাইছেন ‘পরিবারের সঙ্গে দেখা’, কেউ ‘ব্যক্তিগত সফর’, আবার কেউ কেউ নাকি লিখতে চাইছেন ‘দেশের উন্নয়ন পর্যবেক্ষণ’। তবে সবচেয়ে জনপ্রিয় প্রস্তাবটি এসেছে এক তরুণ নেতার কাছ থেকে। তাঁর মতে, উদ্দেশ্যের ঘরে লেখা উচিত, দীর্ঘদিন পর নিজের দেশকে পর্যটক হিসেবে ঘুরে দেখার ইচ্ছা।

২৩ পঠিত ০ ... ১৭:২১, নভেম্বর ২৩, ২০২৬

Top ​