জেনসেন হুয়াংয়ের কাছে ফেরার টেকনিক শিখতে চান শেখ হাসিনা

০ পঠিত ০ ... ১৬ মিনিট আগে

 

ক্ষমতা এমন এক জিনিস, একবার চলে গেলে মানুষ আর সহজে ভুলতে পারে না। কেউ পুরোনো প্রেমের কাছে ফেরার চেষ্টা করেন, কেউ পুরোনো চাকরিতে, আর কেউ কেউ সরাসরি রাষ্ট্রক্ষমতায়! তবে এবার ক্ষমতায় ফেরার অনুপ্রেরণা হিসেবে শেখ হাসিনার সামনে হাজির হয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। নানান নাটকীয়তা, পদ হারানোর গুঞ্জন ও নানা আলোচনা-সমালোচনার পর আবারও নিজের সিইও পদে ফেরার বিষয়টি বেশ ভালোভাবেই নিয়েছেন শেখ হাসিনা। তাঁর মতে, জেনসেন ভাই যদি পারেন, তাহলে তিনি পারবেন না কেন?

লুটিয়েন্স থেকে দেওয়া এক কাল্পনিক সাক্ষাৎকারে আপা বলেন, ‘আমি তো দেখলাম হুয়াং ভাই কত কিছু সামলাইয়া আবার নিজের চেয়ারে ফিরলেন। মেয়ে নিয়া কট খাইয়াও যদি মানুষ নিজের পদে ফিরতে পারে, আমি কেন পারব না? অপরাধটা কী আমার? জানা গেছে, ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তন সামনে রেখে শেখ হাসিনা এবার সরাসরি জেনসেন হুয়াংয়ের কাছ থেকে ‘কামব্যাক টেকনোলজি’ শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

এই প্রসঙ্গে হাসিনা আরও বলেন, ‘আমি হুয়াং ভাইয়ের কাছে যাইতেছি। ক্র্যাশ কোর্স শেষ করে ফিরব ভয়ংকর রূপে। তারপর তোমাদের বাকস্বাধীনতা দেখাচ্ছি। এমনকি হুয়াংয়ের সঙ্গে সাক্ষাতের আগে আপা নাকি নিজের একটি সিভিও তৈরি করছেন। সেখানে অভিজ্ঞতা হিসেবে ভোট চুরি, গুম, খুন, টাকা পাচার, সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণের মতো স্কিলগুলোকে অন্তর্ভুক্ত করেছেন।

তবে জেনসেন হুয়াংয়ের পক্ষ থেকে এখনো কোনো কোর্সের অফার এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এনভিডিয়ার এক কাল্পনিক সূত্র জানিয়েছে, কোম্পানির AI চিপ দিয়ে ছবি, ভিডিও, গাড়ি, রোবট সবই তৈরি করা সম্ভব। কিন্তু জনগণের আস্থা তৈরি করার জন্য এখনো কোনো চিপ বাজারে আসেনি।

০ পঠিত ০ ... ১৬ মিনিট আগে

Top ​