মাসকাওয়াথ আহসানের ধারাবাহিক নভেলা, প্রণব মুখুজ্জের অভিধান (ষড়্‌বিংশ পর্ব)

৭ পঠিত ০ ... ৫৯ মিনিট আগে

16 (44)

 

পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান রবীন্দ্র শতবর্ষ পালনে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করলে এর প্রতিবাদে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। সরকারি বাধা উপেক্ষা করে ছায়ানট প্রতিষ্ঠিত হয়। পয়সারহাটের কলা ও সংস্কৃতি কেন্দ্রে ছায়ানটের শাখা খোলা হয়। দুই বছরব্যাপী নানা অনুষ্ঠানের ঘোষণা দেয় তারা। অধ্যক্ষ আজিজুল হক রঞ্জু, মতি ও জগন্ময়কে বলেন, বাঙালি জাতীয়তাবাদের রেনেসাঁকাল উপস্থিত। এই সাংস্কৃতিক আন্দোলনকে শিক্ষা আন্দোলনের সঙ্গে জুড়ে দিলে সামরিক জান্তা পিছু হটতে বাধ্য হবে।

ওদিকে সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ মুজিবও জেলে। এদিকে পয়সারহাটের আওয়ামী লীগ নেতা কলিম চৌধুরীকে গ্রেপ্তার করে গওহরডাঙ্গা কারাগারে রাখা হয়েছে। মুসলিম লীগ নেতা সলিম খান তার বেয়াইয়ের জন্য টিফিন বাটিতে করে খাবার নিয়ে নিয়মিত জেলখানায় যান।

রাশেদ খান তার শ্বশুর কলিম চৌধুরীর মুক্তির জন্য দেনদরবার করতে সিএসপি অফিসার সরফরাজ শাহের কাছে যায়। মি. শাহ রাশেদকে বলেন, একটু চা খান। হাতের কাজগুলো সেরে নিয়ে তারপর আলাপ করছি।

রাশেদ খবরের কাগজ খুলে দেখে, শিক্ষা আন্দোলনে শহীদদের খবর সরকারি নির্দেশে না ছাপায় বিক্ষুব্ধ জনতা ঢাকা প্রেসক্লাবে গিয়ে সবগুলো খবরের কাগজ পুড়িয়ে দিয়েছে। ঢাকার দেয়ালগুলো ভরে উঠেছে প্রতিবাদী স্লোগানে। দেয়াল লিখনের সময় পুলিশ এসে ছাত্রদের জিজ্ঞেস করেছিল, কী করছেন? ছাত্ররা উত্তর দিয়েছিল, চিকা মারছি। ফলে দেয়াল লিখন এখন থেকে চিকা মারা প্রতিশব্দ পেয়েছে।

মি. শাহ ফাইলে স্বাক্ষর শেষ করে বলেন, ড. খান, আপনি নিশ্চয়ই প্যারানয়া শব্দের সঙ্গে পরিচিত। শাসকের সেই প্যারানয়া হয়েছে। নইলে টেগোরের জন্মশতবর্ষকে সে ভয় পেত না। স্বাভাবিকভাবে এটা পালন হতে দিলে কিন্তু এটা একটা পলিটিক্যাল প্রোটেস্টে পরিণত হতো না। এ কারণে ভালো শাসকেরা কবিতা পড়তেন। মুঘল ডাইনেস্টিতে দেখবেন, শাসকেরা কাব্যচর্চা করতেন।

-- ভৌগোলিক দূরত্ব এখন ধীরে ধীরে মনের দূরত্বে পরিণত হচ্ছে। শেরেবাংলা, সোহরাওয়ার্দীর মতো পিপলস লিডারের অবমূল্যায়ন করে অ্যান্টি-পিপল বেঙ্গলি লিডারদের দিয়ে প্রতিনিধিত্ব করাতে গিয়ে পূর্ব পাকিস্তানে জনপ্রিয়তা হারিয়েছে পাকিস্তানের কেন্দ্রের নেতৃত্ব।

-- জিন্নাহ আর লিয়াকত আলীর মৃত্যুর পর লিডার বলতে এই শেরেবাংলা আর সোহরাওয়ার্দী ছিলেন। কিন্তু তাঁদের দূরে রেখে কতগুলো খেলনা দিয়ে দেশ চালালে এ তো হবেই। পশ্চিম পাকিস্তানে তো ভূস্বামী আছে; পিপলস লিডার নেই। পিপলস লিডার আছে পূর্ব পাকিস্তানে। তাই তো সেনাশাসক বিরক্ত হয়ে বলেছেন, ধীরে-সুস্থে ওরা আলাদা হয়ে যাক; প্রতিদিন এই ঝামেলা আর নেওয়া যাচ্ছে না।

-- তাই নাকি! আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছে, দেশে দেশে পলিটিক্যাল লিডারদের নিয়ন্ত্রণ করা কঠিন, তাই সেনাবাহিনীকে পকেটে পুরে নিলেই এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে। তাই তো এখন পাকিস্তান চালাচ্ছেন জেমস বন্ড। পলিটিক্যাল লিডারেরা জেলে।

জেমস বন্ডের নাম শুনে অনেকক্ষণ হাসেন সরফরাজ শাহ। তিনি বলেন, আমি পূর্ব পাকিস্তানের অতীত ইতিহাস সম্পর্কে পড়েছি। সুলতানি আমলে ভাষা-শিল্প-সংস্কৃতির বিকাশ হয়েছে। মুঘল আমলে উপমহাদেশের ইকোনমিক পাওয়ার হাউস ছিল এ অঞ্চল। নবাবি আমলেও সম্পন্ন কৃষক-কারিগরের সমাজের খোঁজ পাই আমরা। ব্রিটিশের আগমনে জমিদারি ব্যবস্থায় দারিদ্র্যে বিশীর্ণ হয়ে পড়েছে এ অঞ্চল। বাংলা-আরবি-ফারসি শিক্ষিত জনগোষ্ঠীকে ব্রিটিশ আমলে ইংরেজি জ্ঞান আর কলকাতার প্রমিত বাংলার মানদণ্ডে অশিক্ষিত বলে তকমা দেওয়া হলো। কলকাতার দেওয়া ওই তকমা লুফে নিয়েছে পাঞ্জাবে ব্রিটিশের তাঁবেদারি করে জমিদারি পাওয়া লোকেরা। তাদের ছেলে-মেয়েরাই পশ্চিম পাকিস্তানের সিভিল ও মিলিটারি প্রশাসনে রাজত্ব করছে। কলকাতার জমিদারের ছেলেমেয়েরা যেমন পূর্ববঙ্গের মানুষকে বাঙালি বলে স্বীকার করতে চায়নি, লাহোরের জমিদারের ছেলেমেয়েরা তেমনি পূর্ববঙ্গের মানুষকে মুসলমান বলে স্বীকার করতে চায় না। লক্ষ্য করুন, এগুলো হচ্ছে নাৎসি শ্রেষ্ঠত্বের বোধের অনুরূপ ভ্রান্তি। দেখে নিয়েন, একদিন কলকাতা ও লাহোরের অহংকারের পতন ঘটবে। ঢাকা দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে।

বিকেলে কলিম চৌধুরীকে জেল থেকে মুক্ত করে সাঁঝ নাগাদ পয়সারহাটে ফিরে আসে সলিম খান ও রাশেদ খান। রেলস্টেশনে কলিম চৌধুরীকে ফুলের মালা দিয়ে বরণ করে মিষ্টিমুখ করায় অসিত পাল। শ্যামাপদ-বাতেনসহ যুবসংগঠনের সবাই স্লোগান দেয়, কলিম চৌধুরীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নাতি নাঈমকে জড়িয়ে ধরে অশ্রুসজল হন কলিম চৌধুরী।

নিশাত সিনেমা হলের দর্শকেরা 'চিরাগ জ্বলতা রাহা' ছবি দেখে ফিরছে। স্টেশন রোড লোকে লোকারণ্য। কেউ চিৎকার করে গাইছে, কুচ হুয়া হাসিল না আবতাক। কেউবা গাইছে, মুশকিল নিকলা দিল কা সামালনা।

 

৭ পঠিত ০ ... ৫৯ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top ​