টাইম ট্রাভেল করা বাঙালী বিজ্ঞানী, AI-কে শিখিয়ে দিয়ে এসেছিলেন নতুন মন্ত্র!

৩ পঠিত ০ ... ৫৬ মিনিট আগে

 

 

দিনরাত বসে বসে চ্যাটজিপিটি দিয়ে প্রেমের চিঠি লেখাচ্ছেন? কিংবা বানিয়ে নিচ্ছেন শখের ছবি? ঘুরে বেড়াচ্ছেন কানাডা, ইতালী? মজার ব্যাপার হচ্ছে এই যে হুশ করে আলাদীনের জিনের মতো AI আপনার মনে ইচ্ছা পূরণ করে দিচ্ছে, এর পেছনে অনেক অনেক কোড, সূত্রের সাথে জড়িত আছে এক বাঙালী বিজ্ঞানীর নাম।

তার নাম প্রশান্তচন্দ্র মহলানবিশ। তার জন্ম ১৮৯৩ সালে আর মৃত্যু ১৯৭২ সালে। আপনি কী ভাবছেন? এই মানুষটা কি তাহলে টাইম ট্রাভেল করে এসে AI এর কোড লিখে গেছেন? না! এই মানুষটা এমন একটা সূত্র দিয়ে গেছেন যা এখনও পর্যন্ত মেশিন লার্নিং এ ব্যবহার করা হচ্ছে। 

সেই সূত্রের নাম মহলানবিস ডিস্টেন্স। 

মহলানবিস ডিস্টেন্স আবার কী?

ধরুন, আপনি একটা AI-কে হাজার হাজার মানুষের ছবি দেখিয়ে ট্রেনিং দিলেন। এরপর নতুন একটা ছবি দেখিয়ে বললেন, এই মানুষটা আগে দেখানো মানুষগুলোর সঙ্গে কতটা মেলে?

অথবা ধরুন, একটা ব্যাংকের সিস্টেম প্রতিদিন হাজার হাজার লেনদেন পর্যবেক্ষণ করছে। হঠাৎ কেউ এমন এক অঙ্কের টাকা লেনদেন করল, যা তার স্বাভাবিক লেনদেনের ধরন থেকে একেবারেই আলাদা। ব্যাংকের সিস্টেম তখন ভাবছে, ব্যাপারটা একটু সন্দেহজনক!

এখন শুধু টাকার অঙ্ক দেখলে তো হবে না। লেনদেনের সময়, গ্রাহকের আয়, আগের লেনদেনের ধরনসহ অনেক কিছু বিবেচনা করতে হবে।

এই যে অনেকগুলো বৈশিষ্ট্য একসঙ্গে বিবেচনা করে কোনো ডেটা কতটা অস্বাভাবিক, তা বের করার চেষ্টা, সেখানেই কাজে আসে এই মহলানবিস ডিস্টেন্স।

সহজভাবে বললে, সাধারণ ইউক্লিডীয়ান ডিস্ট্যান্স দুটি পয়েন্টের সরল দূরত্ব হিসাব করে। কিন্তু মহলানবিস ডিস্টেন্স ডেটার বিভিন্ন বৈশিষ্ট্যের পারস্পরিক সম্পর্কও বিবেচনায় নেয়। ফলে কোনো ডেটা তার স্বাভাবিক গোষ্ঠী থেকে কতটা আলাদা, তা বোঝা যায় আরও ভালোভাবে।

মেশিন লার্নিং-এ অ্যানোমালি ডিটেকশন , ক্লাসিফিকেশন ,প্যাটার্ন রিকগনিশন  এবং আউটলায়ার ডিটেকশনের মতো কাজে এই পদ্ধতি ব্যবহৃত হয়।

মানে, AI যখন হাজার হাজার ডেটার মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজে বের করছে, তখন তার হিসাবের খাতায় বিক্রমপুরের এক বাঙালি বিজ্ঞানীর নামও চলে আসতে পারে! হ্যাঁ, প্রশান্তচন্দ্র মহলানবিশের আদি বাড়ি ছিল বাংলাদেশের বিক্রমপুরে।

কে এই প্রশান্তচন্দ্র মহলানবিশ?

১৮৯৩ সালের ২৯ জুন কলকাতায় জন্ম নেওয়া প্রশান্তচন্দ্র মহলানবিশের পারিবারিক আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুরের পঞ্চসার গ্রামে। শুধু একটা সূত্র আবিষ্কার করেই থেমে থাকেননি তিনি। ১৯৩১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। বড় পরিসরে নমুনা জরিপের পদ্ধতি উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

পরিসংখ্যানের জটিল সমস্যা সমাধানে ব্যস্ত এই বিজ্ঞানীর গবেষণা একদিন কাজে লাগবে এমন এক প্রযুক্তিতে, যা দিয়ে মানুষ নিজের বিড়ালের ছবির অ্যানিমেশন বানাচ্ছে তা অবশ্য মহলানবিশ ভাবেননি! তিনি AI দেখেননি, ChatGPT ব্যবহার করার সুযোগও পাননি। কিন্তু আধুনিক AI যে গণিত ও পরিসংখ্যানের ওপর অনেকখানি নির্ভরশীল, সেই জগতে তার অবদান গুরুত্বপূর্ণ।

তাই AI-এর আবিষ্কারক হয়তো তিনি নন কিন্তু বিক্রমপুরের এই বিজ্ঞানীকে মনে রাখা যায় একটাই কারণে- AI এর মতো প্রযুক্তির পেছনে থাকা গণিতের এক কার্যকর সূত্র রেখে গেছে এগুলো আবিষ্কার হওয়ারও কয়েকশ বছর আগে! এবার AI-কে দিয়ে বিড়ালের ছবি বানানোর আগে চাইলে তাকেও একটু ধন্যবাদ দিতে পারেন! যদিও AI নিজে থেকে দেবে কি না, তার নিশ্চয়তা নেই।

তথ্যসূত্র:

১. Indian Statistical Institute (ISI) – Our Founder 

২. Government of Kerala – Directorate of Economics and Statistics 

৩. Cambridge University – Mahalanobis Distance and Outlier Detection 

৪. Scientific Research – Mahalanobis Distance (1936) 

৩ পঠিত ০ ... ৫৬ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​