ডি.লিট উপাধি পেতে যাচ্ছেন সাত দিনের ডিউরেশনখ্যাত, ২০-৩০ ডিগ্রি অ্যাঙ্গেলের জনক ফাটাকেষ্ট। আগামী ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই সম্মাননা দেওয়া হবে। খবরটি প্রকাশ্যে আসতেই ফাটাকেষ্টর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে 'ডি.লিট' শব্দটি তাকে কুরে কুরে খাচ্ছে। এ নিয়ে খোলা ময়দানে শ্মশানের পাশে আমাদের সবুজ সাংবাদিকের সাথে ২৩ ডিগ্রি অ্যাঙ্গেলে মুখোমুখি হয়েছেন তিনি।
: অভিনন্দন! ডি.লিট উপাধি পাচ্ছেন, কেমন লাগছে?
ফাটাকেষ্ট: আব্বেএএএ… কী বলব! জীবনে কত কিছু ডিলিট করেছি, কিন্তু সেজন্য উপাধি পাব, তা ভাবিনি!
: কেন বলুন তো!
ফাটাকেষ্ট: আরে, ডিলিটের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরোনো। কত ফাইল, কত প্রমাণ, কত সাক্ষী, কত গুণ্ডা-পাণ্ডা, কত স্মৃতি ডিলিট করেছি! কিন্তু সব তো প্রকাশ্যে করিনি, গোপনেও করেছি। সবাই কীভাবে জানালো আমাদের ডিলিটের খবর? হাইলি সন্দেহজনক!
হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ‘ঢিসকিয়াউ’ শব্দ করে ৩০ ডিগ্রি বেঁকে গিয়ে তিনি বলেন, পুলিশের মার থার্ড ডিগ্রি, পাবলিকের মার ১০৪ ডিগ্রি আর আমার?—প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, তারপরেরটা আর বললাম না।
দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাদের প্রতিনিধি বলেন, স্যার, আপনার ডি. লিট নিয়ে পাবলিক তো খুশি! সম্মানজনক ব্যাপার বলে কথা! তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না?
ফাটাকেষ্ট: অবশ্যই বলব।
: বলুন স্যার…
: বলব, ৭ দিন পর।
: সে কী কথা? এখন বললে তো কোনো সমস্যা নেই। মানুষ তো অধীর আগ্রহে আপনার কথা শুনতে চায়।
: ৭ আমার সিগনেচার ডিউরেশন। সব কথা কি বুঝিয়ে বলতে হয়? এই শালা মারব এখানে, লাশ পড়বে শ্মশানে!
আমাদের সবুজ প্রতিনিধির মুখ ভয়ে হলুদ হয়ে যায়। হঠাৎ নার্ভাসনেসে তিনি অজ্ঞান হয়ে যান। মূর্ছা যাবার আগ মুহূর্তে তিনি আবছা আবছা শুনতে পান–আরে আরে, অজ্ঞান হয়ে যাচ্ছে… এটা তো আমার দর্শকদের জন্য পাঞ্চ লাইন। এই কে কোথায় আছিস, একে তাড়াতাড়ি এখান থেকে ডি.লিট কর!


