কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ বেধে গেলে পয়সারহাটে অসিত পালের মিষ্টির দোকানের রেডিও শুনতে লোকজনের ভিড় বাড়তে থাকে। রেডিও পাকিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর বাহাদুরির গল্প আর আকাশবাণীতে ভারতীয় সেনাদের বাহাদুরির গল্প শুনে অনেকটা টেবিল টেনিস খেলার দর্শকের মতো অবস্থা দাঁড়ায় শ্রোতা সমাজের। ভারত পাকিস্তানের পাঞ্জাবে আক্রমণ করে লাহোর দখলের কাছাকাছি চলে যায়। পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অসম সাহসী যুদ্ধে ভারত পিছু হটে। অথচ প্রেসিডেন্ট আইয়ুব খান পূর্ব পাকিস্তানকে অরক্ষিত রাখেন। এটা অনুভব করে আইয়ুব খানের জনপ্রিয়তায় ধস নামে।
প্রণব মুখুজ্জে এই যুদ্ধের ডামাডোলে যুবা বয়সে ফিরে যান যেন। তিনি সর্বত্র বলে বেড়াতে থাকেন, এই যুদ্ধে ভারত জিতবে দেখে নিও। আবার অখণ্ড ভারত হবে।
তিনি জমিদার ধনঞ্জয় সাহার মৃত্যুশয্যার পাশে গিয়ে উঁচু ভলিউমে আকাশবাণী বাজিয়ে দেন। কাশ্মীরে হামলা করতে গিয়ে বেজায় পিটুনি খেলো পাক-সেনা; গুজরাট ও পাঞ্জাবে নাকানি-চুবানি। করাচি বন্দর দখল করে নিয়েছে ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনার মুহুর্মুহু বোমাবর্ষণে বাংকারে লুকিয়েছে আইয়ুবশাহী। পিণ্ডিতে উড়ছে ত্রিরঙ্গা পতাকা। কাশ্মীরে পাকিস্তানি সেনারা নাস্তানাবুদ; হাঁটু গেড়ে ক্ষমা চাইছে ভারতীয় বীরসেনাদের কাছে। খবর পাঠকের গাঢ় ও গমগমে কণ্ঠে যুদ্ধজয়ের গল্প শুনে উত্তেজিত হয়ে ওঠেন ধনঞ্জয় সাহা। তারপর তাঁর মাথাটা চক্কর দিলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন। কালিদাস নাড়ি পরীক্ষা করে রায় দেয়, জমিদার বাবু দেহ রেখেছেন। আশালতা দেবী কান্নায় ভেঙে পড়েন, কোন কুক্ষণে আজ মুখুজ্জে বাবু যমদূত হয়ে এ বাড়িতে এসেছিলেন!
মুখুজ্জে বাবু দ্রুত পায়ে হেঁটে গিয়ে সিঁড়ি ভেঙে নিচতলায় নেমে কলা ও সংস্কৃতি কেন্দ্রে জমিদার বাবুর মৃত্যু সংবাদ পরিবেশন করেন। নির্দেশনা দেন, অশ্রু নয়, কান্না নয়, মহামানবের প্রস্থানের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে।
ধনঞ্জয় সাহার মৃতদেহকে সাজিয়ে তাঁর বাড়ির সামনে রাখা হয়। তাঁকে শেষ বিদায় জানাতে ছায়ানটের ছেলে-মেয়েরা গান করে,
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে--
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
তোমার অভিসারে যাব অগম-পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা--
দুখের মাধুরীতে করিল দিশাহারা
সকলই নিবে-কেড়ে, দিবে না তবু ছেড়ে--
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥
প্রণব মুখুজ্জে সাহাবাবুকে বিদায় সম্ভাষণ জানাতে বলেন, অন্ধকার এই জনপদে সভ্যতার আলো জ্বেলেছিলেন স্বর্গীয় ধনঞ্জয় সাহা। তিনি ছিলেন প্রজাহিতৈষী। নিজেকে ধূপের মতো পুড়িয়ে তিনি সুগন্ধ বিলিয়েছেন আজীবন। এর পরিবর্তে কিছুই চাননি তিনি। যতদিন বঙ্গের আলো, বঙ্গের হাওয়া থাকবে, বঙ্গের অস্তিত্বের সঙ্গে মিশে থাকবে তাঁর সুকৃতি।
সাহা বাবুর নির্যাতনে নিহত কৃষকের ছেলেরা, যারা এখন প্রৌঢ়, তাদের কয়েকজন দূরে দাঁড়িয়ে মুখুজ্জে বাবুর বক্তৃতা শোনে। একেকজনের পিতার লাশ মধুমতীতে ভেসে উঠলে মায়ের আঁচল ধরে নদীর ধারে দাঁড়িয়ে একবার পিতার মুখ, আরেকবার একটু দূরে দাঁড়ানো জমিদারবাড়ির দিকে তাকাতো তারা। ডুকরে কেঁদে উঠলে আশপাশের লোকেরা মুখ চেপে ধরতো, গুষ্টিসুদ্ধ গায়েব কইরা দিবো সাহাবাবুর লোকেরা। এইভাবে নীরবতার একটি শতক পার হয়েছে পয়সারহাটে। ইতিহাস যেহেতু প্রণব মুখুজ্জের দখলে, রাজনৈতিক বয়ানের শব্দ ও ভাষা যেহেতু প্রণব মুখুজ্জের অভিধানের আওতায়; ফলে ইতিহাসের সিলেবাস সিংহের আঁকা; হরিণ সেখানে নির্বাক।
মধুমতীর আলোর শিরোনাম হয়, মহামানবের মহাপ্রস্থান। অধ্যক্ষ আজিজুল হক, রঞ্জু, মতি, ধনঞ্জয় প্রশস্তির অক্ষরে ইতিহাসের খসড়া তৈরি করে। দেশভাগের ফলে প্রজাহিতৈষী সাহা পরিবারের ওপর কীরকম ট্র্যাজেডি ঘটে গেছে, তার সচিত্র প্রতিবেদনে জুড়ে দেওয়া হয় জমিদারবাড়ির বারান্দায় বসে থাকা বরুণ সাহার কান্নায় ভেঙে পড়ার ছবি। কাঁদো পয়সারহাট কাঁদো শিরোনামে সপ্তাহব্যাপী শোকপালনের ঘোষণা আসে কলা ও সংস্কৃতি কেন্দ্র থেকে।
ওদিকে স্বায়ত্তশাসনের দাবিতে শেখ মুজিবের নেতৃত্বে ছয় দফা প্রণীত হলে পূর্ব পাকিস্তানের পাশাপাশি পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশেও এর অভিঘাত তৈরি হয়। সম্মিলিত বিরোধী দল পাকিস্তানের দুই অংশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একজোট হয়। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা বা অর্থব্যবস্থা, কর ও রাজস্ব ধার্যের ক্ষমতা, বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য, আঞ্চলিক সেনাবাহিনী গঠন বিষয়ে উত্থাপিত ছয়টি দফায় সামরিক জান্তা তার নিরঙ্কুশ ক্ষমতা খর্ব হওয়ার আতঙ্কে ভুগতে থাকে। গণতান্ত্রিক দাবিকে ভয় পাওয়াই স্বৈরশাসকের ধর্ম।
লাহোরে সংবাদ সম্মেলন করে শেখ মুজিব ওই ছয় দফা উত্থাপন করেন। যার প্রথম দফায় দাবি করা হয়, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি প্রকৃত যুক্তরাষ্ট্রীয় (ফেডারেল) রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এখানে সংসদীয় সরকারব্যবস্থা থাকবে এবং সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে নির্বাচিত আইনসভা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে।
পাকিস্তানের স্বৈরশাসক এর মাঝে পাকিস্তানকে বিখণ্ডিত করার ষড়যন্ত্র দেখতে পায়। আর প্রণব মুখুজ্জে এর মাঝে অখণ্ড ভারতের আলো দেখতে পান। অথচ ছয় দফা গণতন্ত্র প্রতিষ্ঠার পথনকশা।
পয়সারহাটে জনসভা করে রাশেদ খান ছয় দফা ব্যাখ্যা করেন। তিনি সবাইকে আশ্বস্ত করেন, কোথাও কোনো ষড়যন্ত্র নেই। আপনারা অতি আগ্রহী পক্ষগুলোর গুজবে কান দেবেন না। আমরা জনগণের অধিকারের পক্ষেই লড়ছি।



পাঠকের মন্তব্য