বাপকে মনে রাখলি কিন্তু কাকাকে ভুলে গেলি! কাকে বললেন র‍্যাডক্লিফ?

পঠিত ... ৪৫ মিনিট আগে

হুট করেই আবার আন্ডারটেকারের মতো ঘুম থেকে জেগে উঠেছেন ব্রিটিশ অফিসার স্যার সিরিল র‍্যাডক্লিফ। জেগে উঠেই নিজের এক্স অ্যাকাউন্টে রহস্যময় এক পোস্ট করে তিনি লিখেছেন, বাপকে মনে রাখলি কিন্তু কাকাকে ভুলে গেলি। এরপর থেকেই পোস্টটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং কে কাকে বাপ-কাকা বললেন তা নিয়ে জাতীয় পর্যায়ের পারিবারিক গবেষণা। র‍্যাডক্লিফের ঘুম ভাঙার কারণ জানতে চাইলে এক ব্রিটিশ ইতিহাসবিদ বলেন, আমরা ভেবেছিলাম উনি আরামসে ঘুমাচ্ছেন। হঠাৎ দেখি উঠে বসে ফোন খুঁজছেন। আমরা পানি দিতে গেলে তিনি বলেন, আগে ইন্টারনেট দাও।

কিন্তু সবচেয়ে বড় রহস্য, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন র‍্যাডক্লিফ? এ বিষয়ে ইতিহাসবিদরা তিন ভাগে বিভক্ত। একদল বলছেন, এটি নিছক পারিবারিক অভিমান। দ্বিতীয় দলের দাবি, এখানে উপমহাদেশের ইতিহাসের কোনো গভীর ইঙ্গিত আছে। আর তৃতীয় দল বলছে, ভাই, উনি এতদিন পর জাগছেন আগে জাগার কারণটা বের করেন, বাপ-কাকা পরে দেখা যাবে।

এদিকে র‍্যাডক্লিফের পোস্টে বাংলাদেশি গুপ্ত সোসাইটির কয়েকজন সদস্য অ্যাংগ্রি রিয়্যাক্ট দেওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। গুপ্ত সোসাইটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, উনি কথাটা কাদের উদ্দেশ্য করে বলেছেন এইটা আমরা জানি কিন্তু বলবো না। এদিকে সোসাইটির আরেক সদস্য শুধু বলেন, বাপকে মনে রাখা হয়েছে, কাকাকেও ভুলে যাওয়া হয়নি। সমস্যা হলো কে বাপ আর কে কাকা, সেটাই এখন ঠিক করা যাচ্ছে না।

পঠিত ... ৪৫ মিনিট আগে

Top