ডিজিটাল সিকিউরিটি আইন দেখে নস্টালজিক শেখ হাসিনা। বললেন খালি আমি করলেই দোষ!

পঠিত ... ১ ঘন্টা ২১ মিনিট আগে


নতুন প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইন বা সাইবার সুরক্ষা আইন নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা, কারণ অনেকেই ধারণা করছেন, এই আইনের সাথে হাসিনার DSAর ব্যাপক মিল রয়েছে এবং কিছু ক্ষেত্রে এটি তার চেয়েও ভয়ংকর। নতুন আইন নিয়ে মানুষের মধ্যে যখন নানা ধরনের উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে, তখন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।


তবে মানুষের মধ্যে আতংক থাকলেও, ডিজিটাল সিকিউরিটি আইন দেখে কিছুটা নস্টালজিক হয়ে পড়েছেন শেখ হাসিনা। নতুন প্রস্তাবিত আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনে নাকি তার নিজের আমলের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা মনে পড়ে যায়। আর সেখান থেকেই পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান তিনি।


দিল্লি লুটিয়েন্স থেকে এক অডিও কলে কথা বলার শুরুতেই নাকি তিনি আবেগঘন কণ্ঠে গেয়ে ওঠেন, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। এরপর কিছুক্ষণ নীরব থেকে তিনি বলেন, রাজাকারের বাচ্চারা যেজন্য আমাকে তাড়ালে, সেই জিনিসই তো আবার হচ্ছে। খালি আমি করলেই দোষ! আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই।

অডিও কলে থাকা কাল্পনিক সূত্র জানায়, এরপর তিনি পুরোনো দিনের স্মৃতিচারণ শুরু করেন। নিজের সময়ের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তখনকার আলোচনা-সমালোচনার কথাও নাকি মনে করতে থাকেন তিনি। নতুন প্রস্তাবিত আইন নিয়ে বর্তমানে যে ধরনের আলোচনা হচ্ছে, তার সঙ্গে নিজের সময়ের পরিস্থিতির মিলও নাকি খুঁজে পান তিনি।

পঠিত ... ১ ঘন্টা ২১ মিনিট আগে

Top