আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২-৩ দিনের মধ্যে জীবনের নিরাপত্তা কার্ড নিয়ে আসছেন তারেক রহমান

পঠিত ... ৩ ঘন্টা ৭ মিনিট আগে

আসিতেছে…

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরোত্তর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলায়নে আসিতেছে এক মহা ধামাকা!

জি হ্যাঁ ভাই!

এমন গায়েবি মাইকিংয়ে কেঁপে উঠেছে রাজধানীর আকাশ-বাতাস! ঘটনা কী, তা জানতে সাংবাদিক সম্মেলনের আগেই নিজের ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণা দিলেন তারেক রহমান। তিনি আনতে যাচ্ছেন আরেকটি ব্র্যান্ড নিউ কার্ড: জীবনের নিরাপত্তা! হ্যাঁ, কথাটি ভুয়া হলেও সত্যি!

দেশে যখন কোনোভাবেই আইনশৃঙ্খলা লাইনে আনা যাচ্ছে না, তখন ব্যতিক্রমী এক ‘প্ল্যান’ নিয়ে তারেক রহমানের এই পোস্ট ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

কেমন হবে সেই কার্ড, কী কী থাকবে সুবিধা, সত্যি নাকি? সাথে আছি ব্রো, তাহলে কি বেঁচে যাচ্ছি? এমন কমেন্টে সয়লাব হয়ে যায় সেই পোস্ট!

তারেক রহমান নিরাশ করেননি, তিনি কমেন্ট ফিচারগুলো পিন করে দিয়েছেন।

নিরাপত্তা কার্ডে থাকছে:

একটি নিরাপদ কার্ড হোল্ডার
একটি নিরাপদ কার্ড ব্যাগ
একটি নিরাপদ মেসেজ

কারা পাবেন এই কার্ড? এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, সব নিরাপদ মানুষই এই কার্ড পাবেন। শর্তসাপেক্ষে কিছু অনিরাপদ মানুষও পেতে পারে। দেশজুড়ে নানান প্রতিনিধি, ভলান্টিয়ার থাকবে, যারা প্রয়োজনে রাতের আঁধারেও কার্ড নিয়ে নিশ্চিত করবে নিরাপত্তা।

নিরাপত্তা কার্ডের এই খবরে জনমনে স্বস্তির হাওয়া বইছে। গুলশানের মিলি ভাবী জানিয়েছেন, বাসায় সারাদিন তিনটি আইফোন নিয়ে থাকি। কত টেনশন হয়। এখন কার্ডের বদৌলতে যদি অন্তত প্রাণ বাঁচে।

ধানমন্ডির শিহাব জানায়, ফ্লাইওভারের নিচে মাঝেমাঝেই চা খাই। উপর থেকে কখন কী পড়ে, এই ভয়ে প্রতি চুমুকে একবার করে উপরে তাকাই। এই কার্ড আমি নিতে চাই। কীভাবে আবেদন করব?

তবে অসন্তোষ প্রকাশ করেছে দেশের আপামর সন্ত্রাসী সমাজ। মোহাম্মদপুরের এক সিনিয়র ছিনতাইকারী বলেছে, সবার জীবনের নিরাপত্তা ভাবা হচ্ছে, আমরা কি মানুষ না? আমাদের নিরাপত্তার কথা কেউ কেন ভাববে না? আমরা কি ভোট দেই নাই?

গুলিস্তানের এক দুল টানা চোর বলে, আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে? চুরি করতে যাইয়া ধরা পইড়া যেই পিডানি খাই, আমগো কার্ড দেওয়া সবচাইতে বেশি জরুরি।

তারেক রহমানকে আমাদের প্রতিনিধি একটা এক্সট্রা কার্ড আগাম পাওয়ার জন্য গোপনে ইনবক্স করলে তিনি অবশ্য সিন করেননি। এ নিয়ে আমাদের প্রতিনিধি মন খারাপ করে রিপোর্ট জমা না দিয়েই বাসায় চলে গেছেন।

 

পঠিত ... ৩ ঘন্টা ৭ মিনিট আগে

Top