আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী কিছু করছেন না, ব্যাপারটা মোটেও এমন না। আপনারা সবসময় ওনাদের বকাবকি করা দয়া করে বন্ধ করুন। ওনারা দুজন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের সর্বোচ্চটা করছেন।
পিএম তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন ১০০ টাকায় লাঞ্চ করছেন। ঠিকঠাক পুষ্টির চাহিদাও মিটছে না লোকটার।
এছাড়াও এসির টেম্পারেচার বাড়িয়ে ২৮ রাখছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেউ কিছু বানিয়ে আনলেই উনি চালিয়ে দেখছেন। পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন। এখন আবার জানিয়েছেন, বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন।
৯টায় অফিস করছেন। অফিস করছেন শনিবারও। প্রতিদিন গুলশানের বাসা থেকে হেঁটে গুলশান বিএনপির কার্যালয়ে যাচ্ছেন। মাঝে মাঝে সচিবালয় থেকে হেঁটে চলে যাচ্ছেন ওসমানি মিলনায়তনে।
এত ত্যাগ আর পরিশ্রমী হওয়ার পরও যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, মাননীয় প্রধানমন্ত্রী আর কত করবেন? আপনাদের যদি বিবেক থাকে, প্লিজ বলে যান।
তার মানে কী স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করছেন না? উনিও জানপ্রাণ দিয়ে চেষ্টা করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। ওনার ছেলেকে বিসিবির ডিরেক্টর বানালেন। ভেবেছেন, ছেলেটা বিসিবির ডিরেক্টর হলে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যায়। হয় নাই! এটা কি ওনার দোষ? উনি নিজে তো চেষ্টা করছেনই, পাশাপাশি ছেলেকেও দিয়ে চেষ্টা করাচ্ছেন। চেষ্টার তো কমতি নেই! আপনারা যদি তাও ওনার চেষ্টায় ত্রুটি দেখেন, তাহলে উনি পরিবারের বাকি সদস্যদেরও সরকারের নানান জায়গায় বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।
এরপর প্রতিদিন সংসদে সংবিধান নিয়ে কথা বলছেন। জুলাই সনদ নিয়ে আলাপ করছেন, আইনের নানান ব্যাখ্যা দিচ্ছেন। তাও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না। বিরোধীদলকে নিয়ম করে সংবিধান শেখাচ্ছেন। ওনাদের ক্লাস নিচ্ছেন। এরপরও যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয়, মানুষটার কী দোষ!
আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য উনি কিছুদিন আগে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা নিষিদ্ধের মতো। সেখানকার হিসাব আলাদা। হিসাব আলাদা করেও পারছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে! উনি একা আর কত করবেন? জীবন দিয়ে দেবেন নাকি?
আপনারা প্লিজ প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কিছু বলবেন না। যদি বলেনও, তার আগে ওনাদের জুতার মাপ নিয়ে নিবেন। এরপর সেই জুতায় নিজেকে বসিয়ে দেখবেন। আর প্লিজ, ওনাদের চেষ্টাকে ছোট করে দেখবেন না, বড় করে দেখুন।


