দুনিয়াতে সবচেয়ে স্পীডে চলে যে মোটরসাইকেল

২০ পঠিত ... ৬ ঘন্টা ৪০ মিনিট আগে

এক ডাক্তার সাহেব সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে একদম ব্র্যান্ড নিউ একটা লাল ফেরারি গাড়ি কিনলেন। ঢাকার রাস্তায় গাড়ি নিয়ে নামতেই সিগন্যালে পড়লেন। পাশে এসে থামল এক মুরুব্বি, তার পুরনো আমলের এক ভাঙাচোরা মোটরসাইকেল নিয়ে।

মুরুব্বি গাড়ির দিকে তাকিয়ে বললেন, বাবা, এটা কী গাড়ি? দেখতে তো খুব সুন্দর!

ডাক্তার সাহেব ভাব নিয়ে বললেন, চাচা, ফেরারি! দাম সাড়ে পাঁচ কোটি টাকা! ঘণ্টায় ৪০০ কিলোমিটার স্পিডে ওড়ে!

মুরুব্বি বললেন, একটু ভেতরটা দেখি?

ডাক্তার সাহেব বললেন, দেখেন চাচা। মুরুব্বি জানালা দিয়ে মাথা ঢুকিয়ে গাড়ির ভেতরটাভালো করে দেখলেন। তারপর নিজের বাইকে সোজা হয়ে বসে বললেন, গাড়ি সুন্দর, তবে আমার এই ভাঙা বাইকই ভালো।

সিগন্যাল ছাড়তেই ডাক্তার সাহেব ভাবলেন মুরুব্বিকে একটু পাওয়ার দেখানো যাক। উনি এক্সিলারেটরে চাপ দিলেন, গাড়ি নিমিষেই ১৫০ স্পিড পার করল। হঠাৎ লুকিং মিররে দেখলেন, পেছনে একটা কালো বিন্দু। কিছু বুঝে ওঠার আগেই

হুসসসসসসসসস…

একটা কিছু ওনাকে ওভারটেক করে চলে গেল!

ডাক্তার সাহেব তো টাসকি! আমার ফেরারির চেয়ে জোরে কী যায়? গতি বাড়িয়ে করলেন ২৫০। সামনে তাকিয়ে দেখেন, আরে, এ তো সেই মুরুব্বি! মনে হচ্ছে বাতাসে উড়ছে!

হিংসায় জ্বলে ডাক্তার সাহেব স্পিড তুললেন ৩৫০-এ! আর মুরুব্বিকে পেছনে ফেলে দিলেন। কিন্তু দুই সেকেন্ড পর আয়নায় তাকিয়ে দেখেন, মুরুব্বি আবারও রকেটের গতিতে ওনার দিকেই ধেয়ে আসছেন!

এবার ডাক্তার সাহেব জানপ্রাণ দিয়ে স্পিড একদম ৪০০ ছুঁয়ে দিলেন।
লাভ হলো না।

মুরুব্বির বাইক এসে সজোরে ফেরারির পেছনে ঠাস করে মারল ধাক্কা! গাড়ি একদম দুমড়েমুচড়ে শেষ।

ডাক্তার সাহেব গাড়ি থেকে লাফিয়ে নেমে দেখেন, মুরুব্বি রাস্তায় আধমরা হয়ে পড়ে আছেন। ডাক্তার সাহেব দৌড়ে গিয়ে বললেন, চাচা! ও চাচা! আমার ভুল হয়ে গেছে! আপনার জন্য এখন আমি কী করতে পারি বলুন?

মুরুব্বি গোঙাতে গোঙাতে ফিসফিস করে বললেন, বাবা, আগে তোমার ওই গাড়ির লুকিং মিরর থেকে আমার প্যান্টের বেল্টটা একটু ছুটায় দাও...

২০ পঠিত ... ৬ ঘন্টা ৪০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top