লোডশেডিং-এ নাকাল দেশবাসী। দিন-রাত, গ্রাম-শহর, ধনী-গরীব কেউই বাদ যাচ্ছে না এই লোডশেডিং থেকে। নেই কোনো ভেদাভেদ।
লোডশেডিং নিয়ে সাধারণ মানুষ যেমন যন্ত্রণায় আছেন, তেমনি যন্ত্রণায় আছেন জ্বালানিমন্ত্রী টুকু সাহেবও। চারদিক থেকে নানান মানুষের নানান কথা শুনতে হচ্ছে তাকে। তাই এবার তিনি স্বরণাপন্ন হলেন, সূত্র বিশেষজ্ঞ ইনফ্লুয়েন্সার টুকু দ্য আগলি গাইয়ের। একটি সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র জানিয়েছে, টুকু দ্য আগলি গাইয়ের কাছে লোডশেডিং সমস্যা সমাধানের জন্য একটা সূত্র চেয়েছেন মন্ত্রী সাহেব। জানা গেছে, টুকুর বাসায় গেলেও টুকুকে পাননি মন্ত্রী সাহেব। সেই সময়ে কারেন্ট না থাকায় বাসা ছেড়ে বাইরে হাওয়া খেতে গেছিলেন টুকু।
বিষয়টি নিয়ে টুকুর সাথে কথা বললে এক কাল্পনিক সাক্ষাতকারে তিনি জানান, ঘটনা সত্য। উনি আমার কাছে সূত্রের জন্য আসছিলেন। কিন্তু কারেন্ট না থাকায় আমি গবেষণায় বসতে পারি নাই। ফলে সূত্রও আবিষ্কার করতে পারি নাই।
জনগণকে আশ্বাস দিয়ে টুকু বলেন, লোডশেডিং থাকলেও আমি আমার বন্ধুর বাসার সোলার প্যানেল ব্যবহার করে একটা সূত্র পাইছি। এই সূত্র হইতেছে, সূর্যের তেলে কারেন্ট ভাজার সূত্র। অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি। সোলার প্যানেল। এলএনজির পিছে বেহুদা টাকা খরচ না কইরা ওই টাকা দিয়ে সোলার সিস্টেম করলে ট্যাকাও কাজে লাগবো, জাতীয় গ্রিডে বিদ্যুতও যোগ হইবো।
এইসময়ে তিনি জ্বালানিমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, এই সূত্র উনি যে জানেন না, ব্যাপারটা এমন না। জানেন। কিন্তু ওনার সমস্যা হলো, ওনার বেরেন ভালো, কিন্তু লেখাপড়া করে না। তাই এই সূত্রের গুরুত্ব তিনি ধরতে পারবেন কী না আমার সন্দেহ আছে। তাও আল্লাহ ওনাকে সঠিক বুঝদান করুক! এইটাই চাওয়া।


