রিমান্ডে ডিম নয়। এখন থেকে দেওয়া হবে কফি এনিমা থেরাপি

পঠিত ... ১ ঘন্টা ৩৮ মিনিট আগে

 

এতদিন রিমান্ডে ডিম থেরাপি দেওয়া নিয়ে অনলাইনে বেশ হাস্যরস চলতো। শোনা যাচ্ছে এবার ডিমের যুগ পেরিয়ে রিমান্ড নাকি হতে যাচ্ছে আরও আধুনিক। কারণ এখন থেকে নাকি আর ডিম থেরাপি নয়, রিমান্ডে দেওয়া হবে সদ্য ভাইরাল হওয়া কফি এনিমা থেরাপি। বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন এক স্বঘোষিত এনিমা বিশেষজ্ঞের সঙ্গে। তিনি বলেন, ডিম ছিল পুরোনো প্রযুক্তি। আমরা এখন ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে রিমান্ডকেও স্মার্ট করতে চাই। কফি এনিমা হচ্ছে রিমান্ডের ৫জি।

কেন কফি? বিশেষজ্ঞ জানালেন, কফি মানুষের ঘুম দূর করে। আর রিমান্ডে ঘুমানোর সুযোগ তো এমনিতেই সীমিত। ফলে কফি এনিমা দিলে আসামি একই সঙ্গে সতেজ, সজাগ এবং উন্নত নাগরিক হয়ে উঠবেন। তবে কফির ধরন নিয়েও রয়েছে গবেষণা। সাধারণ কফি নাকি প্রাথমিক পর্যায়ের জন্য, ক্যাপুচিনো মধ্যম পর্যায়ের জন্য এবং এসপ্রেসো দেওয়া হবে ভিআইপি রিমান্ডে। বিশেষ পরিস্থিতিতে ডাবল শটের ব্যবস্থাও রাখা হবে।

বিশেষজ্ঞ আরও বলেন, আমাদের লক্ষ্য কাউকে কষ্ট দেওয়া নয়। আমরা শুধু চাই রিমান্ডে থাকা ব্যক্তির শারীরিক উন্নতি হোক। পৃথিবীর কোনো দেশ আগে আসামিদের স্বাস্থ্য নিয়ে এভাবে চিন্তা করেনি। আমরা করেছি। এটা জাতি হিসেবে আমাদের বড় অর্জন। এদিকে কফি শিল্পেও শুরু হয়েছে নতুন আশাবাদ। বিভিন্ন কফিশপে ইতোমধ্যে ‘রিমান্ড স্পেশাল’, ‘কাস্টডি কোল্ড ব্রু’ এবং ‘ডাবল শট রিমান্ড’ নামে নতুন মেনু আসার গুঞ্জন শোনা যাচ্ছে।

পঠিত ... ১ ঘন্টা ৩৮ মিনিট আগে

Top