এদেশের জামাইদের থালে খাসিথাল!

১৫০ পঠিত ... ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে

চারদিকে তুলকালাম অবস্থা। কী ব্যাপার? ব্রাহ্মণবাড়িয়ায় এক বর সাগরানা বা খদরে খাসি পান নাই। কী?... খাসি নাই? এত বড় কথা! ভেঙেই গেল বিয়ে!

এরপর পত্রিকা মারফত জানা গেল, ওই লোক বিয়ে করেছে অন্য জায়গায়। এবং, পত্রিকাগুলো এটাও জানালো, এই বিয়েতে খাসীর আয়োজন খুব ভালোভাবে ছিল। জামাই ও তার সহযাত্রীরা খুব আরাম করে খাসির মাংস খেয়েছে।

প্রশ্ন হলো, এই সাগরানা বা খদরে জিনিসটা কী? এটা ছাড়া কি মেহমান যারা আসে, এদের মতো করে খেয়ে বরের বা বরের বন্ধুদের পেট ভরে না?
ভরে। কিন্তু ওই যে... প্রায়োরিটি পাওয়া! বরের থালা আলাদা করে সাজিয়ে তাতে দুরুস (আস্ত মুরগির রোস্ট) রেখে কাবাব, কোফতা সাজিয়ে পরিবেশন করাই হলো সাগরানা। লেখক ও ‎গবেষক আবদুল হক চৌধুরী তার চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির রূপরেখা বইয়ে বলেছেন, কালের বিবর্তনে শুকরানা ভাত শব্দটি লোকমুখে বিকৃত হয়ে সাগরানা ভাত>সাগরানা রূপে পরিণত হয়েছে।

শুকরানা মানে কৃতজ্ঞতা প্রকাশ। মানে এই যে বর ও কণে অবিবাহিত থেকে আজকে মনের মানুষটা খুঁজে পাচ্ছে, তার জন্য খোদার কাছে কৃতজ্ঞতা। এই দিনটা তাদের জন্যই তো সবচেয়ে খুশির, তাই তাদের জন্য স্পেশাল খানাদানা। এই রীতি আজও আছে, দুইশ বছর আগেও ছিল, তারও আগে ছিল। রীতিনীতি তো কখনোই খারাপ না; যতদিন না ওটা আপনার ওপর অত্যাচারে পরিণত হবে।

ঝামেলা হলো, সাগরানা ব্যাপারটা এখন হয়ে দাঁড়িয়েছে এমন… কনের অভিভাবক হিসেবে আপনার যদি বরের জন্য সাগরানা আয়োজন করার ইচ্ছা বা সামর্থ্য থাকে; ফাইন! যত ইচ্ছা করুন। আর, যদি না করেন কোনো কারণে, এই সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে।

আবার, সাগরানা মানেই কিন্তু আপনার মনমতো না। বিভিন্ন এলাকাভেদে সমাজ নির্ধারণ করে দেয় কমপক্ষে কতটুকু আপনাকে করতেই হবে। কোনো অঞ্চলে দুরুস বা মুরগি দিয়েই সাগরানা হয়, কোনো অঞ্চলে খাসি লাগে, জানি না কোনো অঞ্চলে আবার গরু বা উটও লাগে নাকি!

এই যে সমাজ নির্ধারণ করে দেয়, সমাজটা আসলে কারা? ওই অঞ্চলের আমি বা আপনারাই! যদি সাগরানার লেভেল নিচে নেমে যায়; তো আপনি শেষ! যদি ভালো হয়, তো আপনিই বাংলাদেশ! কাজেই, অনেক জায়গাতেই আগে থেকে বরপক্ষ বলে দেয়, খাবারে কী থাকবে, বরের সামনে দেওয়া সাগরানা বা ছদরি খানায় কী থাকবে।

আর কনেপক্ষ? তাদের তো নিয়তিই বরপক্ষের কথা অনুযায়ী ওগুলোর আয়োজন করা। করতে পারলে আপনি ভালো, না করতে পারলে আপনি খারাপ!

কাজেই, সামর্থ্য বা ইচ্ছা থাকলে সাগরানা বেশ ভালো। না থাকলে সাগরানা অভিশাপ! এই আরকি... আমাদের সমাজটা এমনই।

১৫০ পঠিত ... ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top