এবার নিঃশ্বাসের গতিকে চ্যালেঞ্জ দিতে চায় লোডশেডিং

পঠিত ... ১ ঘন্টা ১৮ মিনিট আগে

 

দেশে এসেছে এক নতুন শক্তি—লোডশেডিং!

ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি—সব ছাপিয়ে দেশে দাপিয়ে বেড়াচ্ছে শুধু দুটি শব্দ—কারেন্ট গেছে।

ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বিদ্যুৎ আসাটা প্রায় মোনালিসা শিল্পকর্মের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, বিদ্যুৎনিসা।

এ ব্যাপারে লোডশেডিং মন্ত্রণালয় থেকে খোদ লোডশেডিং জানিয়েছে—আমরা অব্যর্থ, অপরাজেয়! আমাদের সঙ্গে টেক্কা দেবে কার এত সাহস!

লোডশেডিং মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়—

আমরা এতকাল ছিলাম নিষ্পেষিত, নির্যাতিত। দেশে খুব আশানুরূপ পর্যায়ে আমরা আমাদের ক্ষমতা দেখাতে পারিনি। আমাদের ভেতরে ছিল প্রতিভা, কিন্তু সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে কি খুব পেরেছি?

আমি পারিনি তোমাকে আবার আপন করে রাখতে—এই স্যাড সঙ্গীত সকাল-বিকেল বাজিয়ে আমরা স্বপ্ন দেখতাম, আমাদের স্বাধীনতা আসবে। একদিন কেউ না কেউ আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবে।

সেই দিন এসেছে...

আজ আমরা স্বাধীনভাবে নিজেদের যেমন মেলে ধরতে পারছি, এজন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।

আপনারা জেনে থাকবেন যে, আমাদের আসা-যাওয়ার গতি এতটাই বেড়েছে যে এখন মানুষের নিঃশ্বাসের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত আমাদের এই দক্ষ টিম। আমরা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই নিঃশ্বাস-প্রশ্বাসকে—পারলে আমাদের চেয়ে দ্রুতগতিতে চলুক!

দেবদার সুরে বলতে চাই, চ্যালেঞ্জ নিবি না শালা!

আমরা আমাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে ইতোমধ্যেই অনেকের জেনারেটর, পানির মোটর নষ্ট করতে সক্ষম হয়েছি।

দেশকে অন্ধকারে রাখাই আমাদের মূল লক্ষ্য। কেননা, কালোই সৌন্দর্যের আধার, আর আমরা সৌন্দর্যের পূজারী!

লোডশেডিং দেশবাসীর কাছে তাদের আরও উন্নতির জন্য আশাবাদ ব্যক্ত করেছে। তারা তাদের বিবৃতিতে আরও যুক্ত করে লিখেছে, এক আকাশের তারা তুই একা গুণিস নে—গানটি এবি খেয়েছিল আমাদের জন্য। আকাশের তারা গুনে আর ওই আলো দেখে থাকলে আপনারা বুঝবেন, আলোর জন্য লোডশেডিংই সেরা।

পঠিত ... ১ ঘন্টা ১৮ মিনিট আগে

Top