আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে একটি বড়সড় সমাবেশের খবর। জি হ্যাঁ ভাই, পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধ নিয়ে সমাবেশ করতে যাচ্ছেন জামায়াতের হার্টথ্রব জনাব গোলাম আজম। তবে শুধু তিনিই নন, এই সমাবেশে ভিডিও কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন তৎকালীন নাম্বার ওয়ান সাকিব খান—দুঃখিত, সাকিব আল হাসান!
সমাবেশের বিষয়বস্তু সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি ট্রাঙ্ককলে ফোন করলে গোলাম আজম বলেন, “মুক্তিযুদ্ধে মুক্তি এলেও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তাই আমরা সমাবেশে ‘শান্তি কমিটি’ পুনর্গঠন ও দায়িত্ব শীর্ষক আলোচনায় জোর দেব। এজন্য ‘শান্তি’ নামের কয়েকজন নারীও আমাদের সঙ্গে কনফারেন্সে যোগ দেবেন। আর সাংবাদিক প্যানেলে থাকবেন প্রভাস ও ময়ুখ!”
সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে আমরা জানতে চেয়েছিলাম, কেন সাকিবকেই তিনি এই অনুষ্ঠানের জন্য বেছে নিলেন?
গোলাম আজম হেসে বলেন, “সাকিব অতীতে হেঁটে আমার কাছে কয়েক দিন আগে এল। একরকম অসহায়ের মতো করে বলল, অনেক দিন নাকি ওর কোনো খ্যাপ নেই। এক্সট্রা ইনকামও হচ্ছে না। টুকটাক যা অফার পাচ্ছে, তাও সবাই নাকি হয় টাকায়, নয়তো ডলারে পেমেন্ট দিতে চায়। আমি তো আশ্চর্য হলাম!
সাকিব তার পেমেন্ট চায় আমাদের আমলের পাকিস্তানি রুপিতে। এগুলোর নাকি বর্তমান বাজারে খুব কাটতি!
আমার দয়ার সাগরসম মনে ওর এই অনুনয় ঝড় তুলল। তাই রাজি হয়ে গেলাম। বেচারার যদি এতে উপকার হয়, আমার তো ক্ষতি নেই।”
এ ঘটনায় সাকিবের অনুভূতি জানতে আমাদের প্রতিনিধি তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি ফ্রি আছি! তবে আমার ব্যাপারে এই যে রিপোর্ট লিখবেন... কত দেবেন?”


