আবারও গণতান্ত্রিকভাবে নির্বাচনে জিতেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর যথারীতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন আর শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। কেউ বলছেন, জনগণ আবারও পুতিনের ওপর আস্থা রেখেছে। কেউ আবার বলছেন, গণতন্ত্রের নামে বছরের পর বছর ধরে একই চেয়ারে বসে থাকার এটাও এক অভিনব কৌশল।
তবে এসব আলোচনা-সমালোচনার মধ্যেই পুতিনের জন্য নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভেচ্ছাটা গিয়েছে দিল্লির লুটিয়েন্স এলাকা থেকে। বাংলাদেশের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নিজেও দীর্ঘদিন একই টেকনিক ব্যবহার করে ক্ষমতায় থাকার কারণে নির্বাচনী রাজনীতি ও ক্ষমতার চেয়ার দুটো বিষয়েই যথেষ্ট অভিজ্ঞ, তিনি নাকি পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
নিজের একটি কথিত ফেক এক্স অ্যাকাউন্ট থেকে কাল্পনিক এক টুইটে পুতিনকে উদ্দেশ্য করে তিনি নাকি লিখেছেন পুতিন ভাই, নির্বাচনে জিতছেন, ভালো কথা। আপনাকে অভিনন্দন। আবারও জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এমন সুন্দর গণতান্ত্রিক পরিবেশ দেখে আমি সত্যিই আনন্দিত। তবে ভাই, একটা কথা বলি, রাশিয়ান রাজাকারদের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আজকে যারা আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে, আপনার ছবি নিয়ে ঘুরছে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছে ‘পুতিনের বিকল্প পুতিন নিজেই’, কাল পরিস্থিতি একটু বদলালেই তারাই জার জার ওবস্তান থেকে আপনাকে রেখে পালাবে। তাই ভাই, চারপাশের মানুষজনকে ভালো করে চিনে রাখবেন। কারণ ক্ষমতায় থাকতে সবাই খুব আপন থাকে। ক্ষমতা চলে গেলে বোঝা যায় কে আপন আর কে পর। আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের তা আমার চেয়ে বেশি আর কে বোঝে। তাই অনুরোধ থাকবে আপনার সাজানো-গোছানো রাশিয়াটাকে ওদের হাতে নষ্ট হতে দেবেন না।
তাই পুতিন ভাই, এখন থেকেই সাবধান হন। আর যদি কোনোদিন পরিস্থিতি খারাপ কোনোদিন হয়ে যায় আর একটু নিরাপদ জায়গা দরকার হয়, তাহলে চিন্তা করবেন না। আমার লুটিয়েন্স বাংলোর দরজা আপনার জন্য সবসময় খোলা।ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চারপাশের লোকজনকে চিনে রাখবেন। শুভকামনা রইল। আর ফুল সাপুট আপনার জন্য।


