প্রেসিডেন্ট নির্বাচন দেখে নস্টালজিক শেখ হাসিনা, দিল্লিতে করতে চান ডামি প্রেসিডেন্ট নির্বাচন

পঠিত ... ১ ঘন্টা ১১ মিনিট আগে

হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এর মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই প্রেসিডেন্ট নির্বাচন দেখেই নাকি হঠাৎ নস্টালজিক হয়ে পড়েছেন শেখ হাসিনা। নির্বাচন দেখেই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেছে তার। সেই নস্টালজিয়া থেকেই এবার দিল্লিতে বসেই একটি ডামি প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ ব্যাপারে বিস্তারিত মন্তব্য জানতে শেখ হাসিনার সঙ্গে ভিডিও কল করার চেষ্টা করা হলে তিনি ভিডিও বন্ধ রেখে শুধু অডিওতে কথা বলেন। ভিডিও কেন বন্ধ—এমন প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে নির্বাচন নিয়ে তার আগ্রহের বিষয়টি বেশ স্পষ্ট।

অডিওতে তাকে বলতে শোনা যায়, অন্যান্য নির্বাচন তো ডামি করলাম, এবার প্রেসিডেন্ট নির্বাচনটাও করতে পারলে মন্দ হয় না। কথাটির মধ্যেই যেন পুরোনো নির্বাচনী স্মৃতির প্রতি তার গভীর নস্টালজিয়ার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, রাজাকারের বাচ্চাদের জন্য আজ আমি দেশছাড়া। আমার সাথে আমার নেতা-কর্মীরাও যার যার অবস্থান থেকে দেশছাড়া।

কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকবে না। এরপর তিনি বলেন, দেশে থাকতে না পারলেও নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা তো ফেলে রাখা যায় না। তাই দিল্লিতে বসেই যদি একটি ডামি প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা যায়, তাহলে নস্টালজিয়াটাও কিছুটা মিটবে। এমনকি তার পরিকল্পনা নাকি সেখানেই থেমে নেই। তিনি আরও বলেন, ডামি প্রেসিডেন্ট নির্বাচনের পর কয়েকটা ডামি গুম, খুন করতে পারলেই জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে।

তবে সেখানকার ডামি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী কে হবে জানতে চাইলে তিনি কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলতে শুরু করেন, আমি থাকতে আর কে প্রেসিডেন্ট প্রার্থী হবে? রাজাকারের বাচ্চা নাকি আপনি? জানেন না, আমি নিজেই নির্বাচন কমিশন, আমি প্রার্থী, আবার আমিই বিজয়ী। এসব নিয়ে এ ধরনের ফালতু প্রশ্ন করার মানে কী?

পঠিত ... ১ ঘন্টা ১১ মিনিট আগে

Top