আরেক জন্মে বিড়াল হবো। পড়ালেখা করবো না। নাচ-গান-কবিতা শিখবো না। কাউকে সালাম-আদাব-নমস্কার করবো না। রাস্তাঘাটে সরি কিংবা এক্সকিউজ মি বলবো না। যাকে ভালো লাগবে, তার কাছে ঘেঁইষা বসবো। বাড়তি অ্যাটেনশন পাওয়ার জন্য মাঝে মাঝে মুড দেখাবো। ভালো না লাগলে খা/ম/চি দিয়ে র/ক্ত বাইর করবো।
একজন পয়সাওয়ালা ক্যাটমম থাকলে খারাপ হয় না। আদর-যত্ন করবে। নিয়মিত মাংস, দুধ খাইতে দিবে। যেই দিন টুনা কিংবা স্যামন খাইতে দিবে, ওইটা হবে ঈদের দিন। আমার বাঁইচা থাকা ছাড়া তেমন কোনো কাজ থাকবে না। খাবো, ঘুরবো, ঘুমাবো। মুড ভালো থাকলে ক্যাটমমের ঘাড়ে উঠবো। চুমু খাবো। ঘন ঘন লেজ নাড়াবো। পায়খানা-প্রস্রাবের জন্য একটু পরপর টয়লেটে দৌড়াবো না। এসি রুমে নরম বিছানায় থাকবো, কিন্তু ইলেকট্রিসিটি বিল দিবো না। ক্যাটমম আমাকে তার সাথে মিল কইরা জামা পড়াবে। রং কিংবা ডিজাইন পছন্দ না হইলেও তেমন আপত্তি করবো না।
রাগ উঠলে সবকিছু ছাইড়া নিরুদ্দেশ হবো। মিনটাইমে রাস্তাঘাটের ফকিন্নি বিড়ালদের সাথে ফ্রেন্ডশিপ করবো। ওদের সাথে ঘুইরা ঘুইরা মুরগির হাড়, মাছের কাঁটা খাইতে খাইতে ভাববো, কী অ্যাডভেঞ্চ্যারাস, মাইরি! তখন যেইখানে সেইখানে ল্যাটকা মাইরা বসতে কোনো প্যারা খাবো না। বেশিরভাগ সময় বসবো বইয়ের উপর। দ্য ক্যাচার ইন দ্য রাই–এর উপরে বসতে পারলে সবচেয়ে আরাম পাবো। কীসের উপ্রে বসছি, সেইটা তো আর বুঝবো না; কিন্তু আশ্চর্য চমৎকার অনুভূতি হবে।
এরমধ্যে ক্যাটমম (কিংবা ক্যাটড্যাড। তবে মেয়েদের যেহেতু টেন্ডারনেস বেশি, ক্যাটমমই প্রেফারড) আমাকে খুঁইজা বাইর করার জন্য তদন্ত কমিটি গঠন করবে। দুই দিন অনেক খোঁজাখুঁজির পরে ফেরত আসলে আসতেও পারি। অবশ্য আমার কোনো কিছুতে কেউ মাইন্ড করবে না। আমি হবো একটা বদমায়েশ, রেকলেস, ইনসেন্সিটিভ বিড়াল। ক্যাটমম কিংবা ড্যাড অবহেলা করলে মন খারাপ করতে পারি, আবার না-ও করতে পারি। তবে নিজে থেকে কারো জন্য কিছু করবো না—এইটা নিশ্চিত। আমার বাঁইচা থাকা কিংবা ম্যাও ম্যাও করাই হবে কারো জন্য আনন্দদায়ক।
আরেক জন্মে বিড়াল হবই।



পাঠকের মন্তব্য