পাত্রপক্ষের কারেন্টের বিল কম হওয়ায় বিয়ে ভেঙে দিলো গুলশানের কুলসুম

৪০ পঠিত ... ১৮:২০, আগস্ট ০৩, ২০২৬

সাম্প্রতিক সময়ে ট্যাবু ভাঙা একটা জটিল পন্থা, কঠিন কম্ম। দেশের জাগতিক নিয়মকানুনকে তোয়াক্কা তো অনেকেই করে, কিন্তু কুলসুম তা করেনি। হ্যাঁ, কুলসুম পেরেছে তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ভুল হাতে ঠেলে দেওয়ার হাত থেকে বাঁচাতে। সে ঠেকিয়ে দিয়েছে তার বিয়ে।

টেকনাফ থেকে তেঁতুলিয়া, শ্যামনগর থেকে বান্দরবান, বাঁশতলা, আমতলা, কদমতলা কিংবা তেঁতুলতলা—সর্বত্রই বিদ্যুৎ বিল বেশি আসছে। কিন্তু এর ব্যত্যয় দেখা যায় কুলসুমের হবু বর মোখলেসের বাসায়। তার বিদ্যুৎ বিল শুধু কমই আসেনি, হয়েছে নিতান্তই নগণ্য।

এ ব্যাপারে কুলসুমের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করি। সে বলেছে, কারেন্ট বিল বেশি আসবে, এটাই তো সায়েন্স! কিন্তু মোখলেস কথা রাখেনি। নো...

কাঁদো কাঁদো স্বরে সে আরও বলে, সবার বিল বেশি। পাশের বাসায় দুই লাখ, ওপরতলার আন্টির দেড় লাখ, নিচতলায় আটানব্বই হাজার। সেখানে মোখলেসের এসেছে মাত্র পাঁচ হাজার? আমি এ সমাজে মুখ দেখাতে পারব না!—বলেই সে দৌড়ে গিয়ে পর্দায় মুখ চেপে ধরে। সর্দি মুছতে মুছতে বলে, ‘কত স্বপ্ন ছিল কাড়ি কাড়ি বিল দেব! আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

ওদিকে মোখলেসের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সে নাকি এই ঘটনার পর থেকে সারাদিন দরজা বন্ধ করে রাখছে। খোশামুদি করে অনেক কষ্টে তার সঙ্গে আমরা কথা বলতে সক্ষম হই।

মোখলেসের একজন বন্ধু তাকে বিয়ে নিয়ে সান্ত্বনা দিতে গেলে সে খেঁকিয়ে উঠে বলে, ‘রাখ তোর বিয়ে! আমার একটা বাতি, একটা ফ্যান, একটা বাথরুমের ডিম লাইট। সারামাস ছিলাম না বাসায়! আমার ৫ হাজার টাকা বিল আসে কেমনে?’

৪০ পঠিত ... ১৮:২০, আগস্ট ০৩, ২০২৬

Top