সম্প্রতি বাংলাদেশের প্রেসিডেন্টের পদ ছেড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। এখন এই পদে কে আসবেন, তা নিয়ে চলছে বিশাল জল্পনাকল্পনা। বিভিন্ন জায়গা থেকে আসছে নানারকম সাজেশন। এর মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের স্থায়ী বাসিন্দা ল্যারি দ্য ক্যাট আমাদের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন।
এই বিশেষ বার্তায় ল্যারি বলেন, আমি তো অনেকগুলো প্রেসিডেন্ট দেখলাম, এরা কোনো কামের না। মানুষ প্রেসিডেন্ট দিয়া আসলে কোনো কাজ হইলে কি এতবার চেঞ্জ হয়? একজন সিনিয়র হিসেবে বাংলাদেশের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা জেবুকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নাও। দ্যাখো, আমি কাজ করছি আজ ১৫ বছর। প্রধানমন্ত্রী দেখলাম ৬ জন! কোনোটাই একটা ইঁদুর তো দূরের কথা, তেলাপোকাও ধরতে পারে না! এইসব মানুষের ওপর ভরসা না করাই ভালো। আর যেহেতু এখন দেশে একজন যোগ্য ব্যক্তি আছে, তাকেই বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে বলে আমার বিশ্বাস!
এই বার্তায় তিনি আরও বলেন, জেবুর মধ্যে প্রেসিডেন্টের সব গুণই আছে! ওর প্রথম আর প্রধান কাজ হলো প্রধানমন্ত্রীর আশেপাশে ল্যাডায় থাকা। কারও কাজে নাক না গলানো, সময়মতো খাবার না পেলে একটু প্রতিবাদ করা, আর বাকি সময় ঘুমানো। এই গুণগুলোই জেবুকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য সবচেয়ে বেশি যোগ্য করে তুলেছে!
ল্যারির এই চোখ খুলে দেওয়ার মতো বার্তার পর রাজনীতি-সচেতন মহলে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কথাটা কিন্তু ভুল বলেননি ডাউনিং স্ট্রিটের এই পোড়খাওয়া বর্ষীয়ান অভিভাবক! ৬ জন প্রধানমন্ত্রীকে নিজের চোখের সামনে ক্ষমতার মসনদে আসতে-যেতে দেখা এই বিড়ালের চেয়ে রাজনীতির মারপ্যাঁচ আর কে-ই বা ভালো বুঝবে?


