অবসরের পর ট্র্যাভেল ভ্লগিং করবেন চুপ্পু

পঠিত ... ২ ঘন্টা ২৭ মিনিট আগে

 

সম্প্রতি নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। এরপরই তার বিদেশযাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা বিশ্লেষণ আর টকশোতে একের পর এক 'এক্সক্লুসিভ' চলছে, ঠিক তখনই এক অবিশ্বস্ত সূত্র আমাদের জানিয়েছে, সবাই ভুল ভাবছেন। আসল পরিকল্পনা হলো ইউটিউবে ফুল-টাইম ট্র্যাভেল ভ্লগার হওয়া। সূত্রের দাবি, দীর্ঘদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গিয়ে দেশের এত জায়গায় গেলেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল!’ বলার সুযোগ পাননি তিনি। সেই আক্ষেপ থেকেই অবসরের পর নতুন ক্যারিয়ার।

চ্যানেলের নাম হিসেবে Nice & Attractive Travel Vlog নামটিও নাকি চূড়ান্ত করা হয়েছে। নাম শুনে অবশ্য নাকি ইউটিউব অ্যালগরিদম একটু বিভ্রান্ত হয়েছে। ভাবছে এটা ট্র্যাভেল চ্যানেল, নাকি মোটিভেশনাল স্পিচ, নাকি আবার কোনো বিউটি ব্লগ। এদিকে আমাদের ভাড়াটে প্রতিবেদক ইউটিউবে একই নামে একটি চ্যানেলও খুঁজে পেয়েছেন। যদিও সেটি আসলেই সাবেক রাষ্ট্রপতির কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, প্রথম ভ্লগের সম্ভাব্য শিরোনাম হতে পারে ‘দেশ ছাড়ার আগে শেষবারের মতো এয়ারপোর্ট ঘুরে দেখলাম | Emotional Vlog।’ এরপর হয়তো আসবে ‘ইউরোপে গিয়ে প্রথম যে ভুলটা করলাম!’, ‘বিদেশের রাস্তার ধারে $5-এ কী খেলাম?’ এবং বহুল প্রতীক্ষিত ‘স্থানীয়রা যেভাবে আমাকে চিনে ফেলল!’ সিরিজ।

শোনা যাচ্ছে, প্রতি ভিডিওতে Nice & Attractive কমেন্ট করাদের মধ্য থেকে বাছাইকৃত ১০ জনকে Nice & Attractive গিফট ভাউচার দেওয়া হবে। তবে সাবেক রাষ্ট্রপতি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। ফলে পুরো বিষয়টিই অবিশ্বস্ত সূত্র, কল্পনা এবং অতিরিক্ত ফ্রি টাইমের ওপর ভিত্তি করে তৈরি।

পঠিত ... ২ ঘন্টা ২৭ মিনিট আগে

Top