দেশে প্রচণ্ড রকমের সৎ লোকের শাসন প্রয়োজন বলে মনে করেন গাজী নজরুল। তাঁর মতে, জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দলের সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার মতো ক্ষমতাও নেই। তবে শাসন মানে যে সবসময় শাসনের ওপর রাখতে হবে—এমন ভাবলে ভুল হবে। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আমি তো একটু সোহাগ করার জন্য বসে ছিলাম, অথচ ওরা আমার এই সৎ শাসন ও সোহাগের বিষয়টার ভুল অপব্যাখ্যা দিয়ে আমাকে কী পরিমাণ নাজেহালটাই না করল—এমনটাই বক্তব্য গাজী নজরুলের। আক্ষেপভরা কণ্ঠে তিনি জানিয়েছেন, ওরা আমাকে সাতক্ষীরায় সৎ লোকের শাসন কায়েম করতে দিল না।
আমাদের দেশে জনগণের ভালোর কথা চিন্তা করে যারাই কাজ করেছে, তাদের সবসময় ভুল বোঝা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাদের বিভিন্ন রকম ফাঁদে ফেলে অপমান করা হয়েছে, শুধুমাত্র নিজের কথা না ভেবে মানুষের সেবা করার জন্য কাজ করেছেন বলে। নিজেকে এমন ষড়যন্ত্রের শিকার দাবি করে গাজী নজরুল এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সারাদিন জনগণের সেবা করার পর যখন একটু স্বস্তির সময় কাটানোর জন্য সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে একটু গল্প করতে বসেছি, তখনই আমাকে ফাঁসানোর জন্য কোথা থেকে ক্যামেরা নিয়ে হাজির হয়ে আমাকে ও আমার স্ত্রীকে অপমান করা হয়েছে। আমাদের পাশাপাশি বসে গল্প করার ভিডিওগুলোও এআই দিয়ে বিকৃত করে প্রচার করা হয়েছে।
দেশবাসীর কাছে গাজী নজরুল জানতে চেয়েছেন, মানুষের সেবা করা কি খুব বেশি খারাপ কাজ? আমার কাছে অনেকে নানা সমস্যা নিয়ে আসে। আমি নানাভাবে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি। কারও চাকরি-বাকরির দরকার হয়, কারও ডোনেশন প্রয়োজন, কারও দরকার পরামর্শ। সবার কথা চিন্তা করতে করতে আমার নিজের জন্য আর সময় বের করা হয়ে ওঠে না। শাসন করব, সোহাগ করব, নিজের জন্য একটু সময় বের করব—এভাবেই তো চলা উচিত, তাই না? অথচ আমাকে ভুল বুঝে, আমাদের সম্পর্ককে ভুল ব্যাখ্যা দিয়ে যেভাবে মব ট্রায়াল করা হচ্ছে, আমার তো আর সেবা-শাসনের কোনো ইচ্ছাই নেই। আমি হয়তো পদত্যাগ করে নীরবে জীবন কাটিয়ে দেব। এভাবে কি আর অপমান সহ্য করে থাকা যায়? আমি কালকেই সব ছেড়ে-ছুড়ে চলে যাচ্ছি। তোমরা মনে রেখো, এক সৎ শাসককে অবহেলায় হারিয়ে ফেলেছ।


