লোডশেডিংয়ে ফিরে এল নস্টালজিয়া। মিলেনিয়ালরা বলল, থ্যাংকিউ তারেক জিয়া!

৬৩ পঠিত ... ১৭:১৮, আগস্ট ০৩, ২০২৬

 

দীর্ঘদিন পর দেশের মানুষের জীবনে আবারও ফিরেছে বহু কাঙ্ক্ষিত লোডশেডিং। বিদ্যুৎ বিল বাড়ার মাঝেই যেখানে লোডশেডিংয়ের যন্ত্রণায় সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন, সেখানে মিলেনিয়ালদের একাংশের মুখে দেখা গেছে রহস্যময় হাসি। তাদের দাবি, এ যেন ছোটবেলাকে আবার নতুন করে ফিরে পাওয়া। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ট্রেন্ড করছে #ফিরে_এলো_নস্টালজিয়া এবং #থ্যাংকইউ_তারেক_জিয়া। অনেকেই লিখছেন, এত দিন বুঝতেই পারিনি, জীবনে থ্রিল বলে কিছু আর অবশিষ্ট ছিল না। কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝলাম, এখনও বেঁচে আছি।

একজন মিলেনিয়াল বলেন, আগে সারাদিন অপেক্ষা করতাম কখন কারেন্ট যাবে, আর আম্মুকে বলব, অন্ধকারে তো পড়া যায় না। এখন আর পড়ার টেবিল নেই, কিন্তু কারেন্ট গেলেই মনে হচ্ছে অটোমেটিক বাইরে গিয়ে বন্ধুদের ডাক দিই। পরে মনে পড়ে, বন্ধুরা সবাই এখন বাচ্চা ঘুম পাড়াচ্ছে। আরেকজন জানান, লোডশেডিং শুরু হতেই রিফ্লেক্স হিসেবে টর্চ খুঁজতে গিয়েছিলাম। পরে মনে হলো, এখন তো মোবাইলেই ফ্ল্যাশলাইট আছে। কিন্তু নস্টালজিয়ার স্বার্থে আমি ইচ্ছে করেই পুরোনো চার্জলাইট বের করেছি।

মনোবিজ্ঞানীদের দাবি, লোডশেডিং মিলেনিয়ালদের মস্তিষ্কে ‘শৈশব মোড’ চালু করে দেয়। ফলে অনেকেই কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদে হাঁটতে, বারান্দায় দাঁড়িয়ে বাতাস খেতে কিংবা পাশের বাসা থেকে ‘আসছে নাকি?’ চিৎকার শুনতে না পেরে হালকা শূন্যতা অনুভব করছেন।

এদিকে জেন জি প্রজন্মের অনেকেই প্রথমবারের মতো নিয়মিত লোডশেডিংয়ের অভিজ্ঞতা পেয়ে বিভ্রান্ত। কেউ কেউ বলছেন, ওয়াইফাইয়ের মতো সার্কিট ব্রেকার অফ করে অন করার পরও কারেন্ট আসছে না। What is this?

অন্যদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এটাকে শুধু লোডশেডিং হিসেবে দেখলে হবে না। আমরা মূলত জাতির নস্টালজিয়া সংরক্ষণের কাজ করছি। সবকিছুতেই সমালোচনা না করে একটু পজিটিভভাবে দেখতে শিখুন।

৬৩ পঠিত ... ১৭:১৮, আগস্ট ০৩, ২০২৬

Top