বিয়ের পর মেয়েদের ঘরে ফেরার যাত্রা কি অডিসিয়াসের ঘরে ফেরার যাত্রায় চেয়েও কঠিন!

১৮ পঠিত ... ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে

বীরযোদ্ধা অডিসিয়াস ট্রয় যুদ্ধ শেষ করে ঘরে ফেরার পথে এক দানবের দ্বীপে আটকা পড়ে। সেখান থেকে মুক্ত হলে আটকা পড়ে বিশালদেহী মানুষদের দ্বীপে। সেটা জয় করলে, আটকা পড়ে মৃত মানুষদের দ্বীপে। এভাবে নানান ঝড়-ঝাপটা, দেবতাদের অভিশাপ মোকাবেলা করে অডিসিয়াস ঘরে ফিরে আসে। ১০ বছরের দীর্ঘ এই কঠিন পথ পাড়ি দিতে অডিসিয়াসকে সাহস দেয় একটা ঘর আর সেই ঘরে অডিসিয়াসের জন্য অপেক্ষা করতে থাকা দুজন মানুষ, অডিসিয়াসের স্ত্রী ও অডিসিয়াসের সন্তান।

অডিসিয়াস পারলেও বিয়ের পর মেয়েরা আর ঘরে ফিরতে পারে না। ঘরে ফেরার প্রচণ্ড ইচ্ছা থাকলেও পারে না। কারণ অডিসিয়াসের মতো তাদের জন্য কেউ অপেক্ষা করে থাকে না।

বাবার বাড়ি গেলে মা বলে, স্বামীর বাড়িই মেয়েদের সব।

বাবা বলে, সংসারকে আপন করে নাও।

ভাই বলে, দুলাভাইয়ের একটু রাগ বেশি, এমনিতে তো মানুষ ভালো।

২ মাসের বেশি ৩ মাস বাপের বাড়ি থাকলে আত্মীয়-স্বজন বলে, বিয়ের পর এই মেয়ে এতোদিন বাপের বাড়ি কেন? শ্বশুরবাড়ির সাথে বনিবনা নাই?

মেয়েরা হুট করে আবিষ্কার করে এক কঠিন বাস্তবতা। তারা দেখে, বিয়ের পর তাদের জন্য কোথাও কেউ আর অপেক্ষা করে নাই। সবাই যেন তাদেরকে তাড়িয়ে দিতে চায়। এই অপেক্ষার অভাবই মেয়েদের ঘরে ফেরার লড়াইটাকে অডিসিয়াসের ঘরে ফেরার লড়াইয়ের চেয়ে অনেক বেশি কঠিন করে তোলে। 

যার ঘর নাই, সে কোন ঘরে যাবে? যার জন্য কেউ অপেক্ষা করে নাই, সে ঘরে ফেরার তাড়না কোথা থেকে পাবে?

দিনের পর দিন তাই মেয়েরা অপমান-নির্যাতন, ইনজাস্টিস, এক্সপ্লয়েটেশন, উঠতে-বসতে খোঁটা সহ্য করে বিয়ের সম্পর্কগুলায় পড়ে থাকে। অপেক্ষা করতে থাকে মৃত্যুর। মৃত্যুর পর তাদের কবরটাও হয় স্বামীর বাড়ির গোরস্থানে। অডিসিয়াসের মতো তাদের আর কখনোই ঘরে ফেরা হয় না।

তাই মেয়েদেরকে বলব, জীবনে আর যাই করেন না কেন, একটা ঘরের ব্যবস্থা করবেন। যে ঘরটা আপনার। আপনার বাবার না, আপনার ভাইয়ের না, আপনার স্বামীর না, আপনার সন্তানেরও না। যে ঘরের দলিলে স্পষ্ট করে আপনার নাম লেখা থাকবে। যেই ঘরে গেলে কেউ আপনাকে বলবে না, জামাইর সাথে ঝগড়া হইছে? এতোদিন বাপের বাড়ি কেন? যা, মানিয়ে নে। সংসারে এমন একটু ঝামেলা হয়ই।

আর হ্যাঁ, মনে রাখবেন, আপনার যদি একটা ঘর থাকে, সে ঘরে আপনার জন্য অপেক্ষা করার মানুষও থাকবে।

১৮ পঠিত ... ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top