সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আহমদ ছফার বেশ কয়েকবারই নানা প্রসঙ্গে ফোনালাপ হয়েছে। একবার এনজিও ব্যুরো থেকে 'বাংলা-জার্মান সম্প্রীতি'-এর রেজিস্ট্রেশন নিয়ে আহমদ ছফা ফোন দেন বেগম জিয়াকে। ফোন ধরেন প্রধানমন্ত্রীর পিএস। ছফা সাহেব শুরুতেই বলেন, আমি আহমদ ছফা। আপনার ম্যাডামরে ফোনটা দেন।
পিএস জিজ্ঞাসা করেন, কোন আহমদ ছফা?
ছফা সাহেব রেগেমেগে জবাব দেন, মজা নিস, ব্যাটা? বাংলাদেশে আহমদ ছফা দুইজন আছে নাকি? তোর ম্যাডামরে জিগাইস, আহমদ ছফা কে…
এই বলে আহমদ ছফা ফোন রেখে দেন। একটু পর পিএস বিষয়টি বেগম খালেদা জিয়াকে জানালে, তিনি সঙ্গে সঙ্গে ছফা সাহেবকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বাসায় নিমন্ত্রণ জানান। আহমদ ছফা নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে জবাব দেন, ম্যাডাম, কী সব অশিক্ষিত পিএস-টিএস রাখেন! আহমদ ছফার নাম জানে না। যে বাসায় একদল মূর্খ গোয়াল-গরু থাকে, সেই বাসায় আহমদ ছফা যাবে না।
খালেদা জিয়াও উত্তরে বলেছিলেন, আমি নিজেই তো অশিক্ষিত। শিক্ষিত কাউকে পাব কোথায়? আপনারাও তো এগিয়ে আসেন না।
আহমদ ছফা বেগম জিয়ার ব্যবহারে মুগ্ধ হয়ে বারবার বলছিলেন, ভদ্রমহিলার তারিফ না করে পারা যায় না। তিনি আশ্চর্যরকম বিনয়ী।
তথ্যসূত্র: আহমদ ছফার মেরুদণ্ড ছিল, সলিমুল্লাহ খানের কী আছে?'— আমরান ইমন, প্রথম আলো।



পাঠকের মন্তব্য