শ্রাবণের রিলসগুলো যেভাবে জড়ো হলো

৩৫ পঠিত ... ৩ ঘন্টা ১১ মিনিট আগে

সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক হন তিনি। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায়। না, শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য না, একটা রিল পোস্ট করার জন্য।

কী ছিল সেই রিল-এ যে এত কথা?

 গত ২৩ জুলাই নীল শাড়ি পরে হাঁটছেন এমন ছোটো একটি রিল নিজের প্রোফাইলে পোস্ট করেন তিনি। ব্যাকগ্রাউন্ডে ছিল ডিফারেন্ট টাচের শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে- গানটি। স্কুলের কাজের শেষে তার কলিগ এই ভিডিওটি করে দিয়েছিলেন তাদের স্কুলের আঙিনায়। এটুকুই।

 

২৪ জুলাই ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি অনলাইন পেজ থেকে এই ভিডিও শেয়ার করে। তারা দাবি করে বিউটি রানী পাল ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ করে নাচানাচি করছেন যা ছাত্র-ছাত্রীদের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে। এরপর একে একে আরও অনেকগুলো অনলাইন পেজ ও প্রোফাইল থেকে এই ভিডিও শেয়ার করে সাইবার বুলিং আর ট্রলিং শুরু হয়। অথচ এমন কিছুই ভিডিওতে ছিল না। পরবর্তীতে পরিস্থিতি অনেক খারাপ হলে বিউটি বাধ্য হয়ে সেই ভিডিও প্রোফাইল থেকে ডিলেট করে দেন।

WhatsApp Image 2026-07-28 at 16.02.15 (1)

 জানা যায় এই ফেঞ্চুগঞ্জ প্রতিদিনের এডমিন আসিফ ইকবাল হিরণ, যিনি একজন প্রবাসী। বিউটি এটি নিয়ে থানায় জিডি করেন ২৪ জুলাই।

 বিউটি রাণীকে হেনস্থার প্রতিবাদে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেলো একই গানের রিলসে

এরপর একটা দারুণ কাজ হলো। বিউটির সহকর্মীরা প্রথমে তার সাথে একাত্মতা জানিয়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গান দিয়ে ভিডিও আপলোড করলেন। আস্তে আস্তে পুরো দেশের স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা এই গানের সাথে ভিডিও পোস্ট করতে থাকেন। কোনো আজেবাজে তর্ক নয়, কোনো নেগেটিভ পোস্টও না। বরং কেউ দিয়েছে স্কুলের বাচ্চাদের সাথে ভিডিও, কেউ দিয়েছে নিজস্ব ট্যুরের ভিডিও, কেউ দিয়েছে কোনো একটা ছবি, অনেকে গ্রুপ করে ভিডিও করে বিউটি রানী পালের সাথে হওয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এরপর এগিয়ে আসে পুরো নেটিজেনরা, শুধু শিক্ষক নয়, নানা শ্রেণীপেশার মানুষ, পুরুষ-মহিলা নির্বিশেষে সকলে মিলে এটিকে ট্রেন্ড বানিয়ে ফেলে। তারা এই প্রশ্নও তোলেন যে, একজন শিক্ষক বা শিক্ষিকার কি ব্যক্তিগত জীবন থাকতে পারে না? সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, সাংবাদিক, ইনফ্লুয়েন্সারসহ আরও অনেক মানুষ এরপর বিউটির সাথে সংহতি জানিয়ে পোস্ট, ভিডিও শেয়ার করতে থাকেন। যত দ্রুত ট্রল, নেগেটিভ পোস্টগুলো ছড়িয়ে গিয়েছিল, তারচেয়ে বেশি দ্রুত এগুলো ছড়িয়ে পড়তে থাকে। একটা সময় অবস্থা বেগতিক দেখে অনেক ট্রলকারীরা তাদের পোস্ট, ভিডিও সরিয়ে নেয়।

 শিক্ষা প্রতিমন্ত্রী কী বললেন?

২৬ তারিখ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  সিলেটে একটা অনুষ্ঠান শেষে বলেন, একজন শিক্ষিকা গান গেয়ে বা গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে ভিডিও আপলোড করেছেন বলে জেনেছি। সেখানে কোনো অশ্লীলতা নেই। যদি সত্যিই কোনো অশ্লীলতা না থাকে, তবে গান গাওয়া বা এমন একটি ভিডিও প্রকাশ করাকে আমি কোনো অন্যায় মনে করি না। অন্য কেউ এর সঙ্গে একমত হোক বা না হোক, এটিই আমার মতামত।

 

গঠিত হলো তদন্ত কমিটি

ততক্ষণে বিউটি কোনো সরকারী কর্মচারীদের দেওয়া নির্দেশিকা লঙ্ঘন করেছেন কী না সেটা তদন্ত করার জন্য কমিটিও গঠন হয়ে গেছে। তাদের বক্তব্য ছিল, শিশুদের পড়াশোনায় ক্ষতি করে বা স্কুলের কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়ে ভিডিও বানানো এবং আপলোড হচ্ছে কি না সেইটাই তারা তদন্ত করতে চায়।

তবে পরবর্তীতে প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, আমরা ভিডিওর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকাল মন্ত্রী মহোদয় বলেছেন, এ ঘটনায় অন্যায় কিছু দেখছেন না। আমরা প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে ভিডিওর ঘটনায় অন্যায় কিছুই পাইনি। তাই খামাখা এই ঘটনায় আর তদন্ত কমিটি করে কী লাভ? আর কোনো কমিটি গঠন হবে না।

বিউটি কী বলছেন?

ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট না করায় ক্ষোভ থেকে হেনস্থা 

বিউটি রানীর অভিযোগ, আসিফ ইকবাল হিরনের (ফেঞ্চুগঞ্জ প্রতিদিনের এডমিন) পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন। হিরণ ফোন করে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন-যেমন, বাড়ি কোথায়, তিনি স্থানীয় কি না-করে তাকে হেনস্তার চেষ্টা করেন। পোস্টটি মুছে ফেলার অনুরোধ জানালেও তিনি তাতে সাড়া দেননি। বিউটি রানী বলেন, উনি (আসিফ) আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে উনার পত্রিকায় নিউজ করেছেন এবং উনার ব্যক্তিগত ফেইসবুক পেইজেও আমার সম্পর্কে আজেবাজে লিখেছেন।

তিনি আরও জানান, আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না। এক সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে রিল বানানো হয়। স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙিনায় হেঁটে যাওয়ার সময় তিনি ভিডিওটি ধারণ করেন।

তিনি প্রশ্ন রেখেছেন, আমরা মুখে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ-তাহলে আমরা কীভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেব?

এর পাশাপাশি তাকে সমর্থন করা প্রত্যেককে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ আপডেট কী?

শেষ খবর পাওয়া পর্যন্ত বিউটি রানী পালের করা জিডি নিয়ে তদন্তে নামছে পুলিশ। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন,ভিডিও ভাইরালের ঘটনায় জিডি করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। জিডিতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’সহ কয়েকটি ফেইসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে।

এই পুরো ঘটনাটি আমাদেরকে একটা সুন্দর জিনিস দেখিয়ে দিল। সবসময় নেগেটিভ ঘটনার প্রতিবাদে নেগেটিভভাবেই উত্তর দিতে হবে তা নয়। বরং সুন্দর করে, পজেটিভ রিপ্লাই দিয়েও প্রতিবাদ জানানো যায়।

(তথ্যগুলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্র থেকে সংগৃহিত)

৩৫ পঠিত ... ৩ ঘন্টা ১১ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top