ভাব বেড়েছে সবজিদের, আইফোনের মর্যাদা দাবী

১০৩ পঠিত ০ ... ১৬:০০, আগস্ট ০২, ২০২৬

 

কাঁচাবাজারে নাকি পা রাখাই যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিসীমা এতটাই গতিশীল যে তার ভর, গতিবেগ মাপার আগেই আগুন ধরে যাচ্ছে।

সবজির বাজারে প্রায় সব সবজির দাম আকাশচুম্বী।

কিন্তু ঘটনা অন্য জায়গায়। এমন বাড়তি দামে ভাব বেড়ে গেছে কাঁচা শাক-সবজিদের।

সম্প্রতি এক রিলে বেগুনকে বলতে শোনা যায়—

আমি বেগুন,
তোরা কিনতে গেলে হবি খুন।
গান কর গুনগুন,
চির অভাগী… (আসিতেছে পার্ট টু)

সবজিদের সামাজিক যোগাযোগমাধ্যম ভেজবুক (VageBook) ছেয়ে গেছে তাদের প্রোমোশনাল ভিডিওতে। পটল, ঢেঁড়স, ধুন্দুল ও বরবটি একটি কোলাব ভিডিওতে বলেছে, উঁ উঁ তেরি গালিওঁ মে… আহা, মেরা দাম নেহি হোগি উঁ উঁ…!

এদিকে স্পাইডারম্যানের ছবিতে নিজের মাথা লাগিয়ে কাঁচামরিচ একটি ছবি পোস্ট করে লিখেছে, সবচেয়ে গতি বেশি আমার! কেজি প্রতি ৩০০–৪০০ টাকা… এমন সাহস আর কার আছে! নিজেকে সবজির আইফোন দাবি করে সে বলে, আমি সবজির আইফোন, আইসবজি! তোদের নাগালেই থাকব না, হা হা…

টমেটো ও গাজর অবশ্য সেই পোস্ট রি-শেয়ার করে লিখেছে—

আসছি ট্রাকে রাজপথে,
দেখা হবে বিজয়ে!

রাজধানীর কারওয়ান বাজারে সরেজমিনে তাদের চোটপাট একটু কম মনে হলেও আমাদের প্রতিনিধিরা সারা দেশ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল থেকে আমাদের এক প্রতিনিধি জানিয়েছেন, কাঁচাবাজারে তিনি নিজের শ্বশুরবাড়ির জন্য বাজার করতে গিয়ে নিজের শ্বশুরের দেওয়া ঘড়িই বন্ধক রেখে এসেছেন!

পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, অ্যাপলের (Apple) পণ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে যেকোনো সময় আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত হতে পারে আমাদের দেশীয় সবজি।

১০৩ পঠিত ০ ... ১৬:০০, আগস্ট ০২, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top ​