হাসান মাহমুদকে ৬ উইকেট নিতে আমিই বলছিলাম: তামিম ইকবাল

৬৬ পঠিত ... ১১ ঘন্টা ৩২ মিনিট আগে

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ ক্রিকেট যখন উদযাপনে মত্ত, ঠিক তখনই ক্রিকেটপাড়ায় বোমাবাটাল ফাটালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্যারিয়ারসেরা ৫৫ রানে ৬ উইকেট নিয়ে হাসান মাহমুদ হয়তো ম্যাচের মূল নায়ক, কিন্তু তামিমের দাবি, এই ৬ উইকেটের আসল ‘মাস্টারমাইন্ড’ স্বয়ং তিনি নিজেই! ড্রেসিংরুম, কোচ কিংবা অধিনায়কের পরিকল্পনা নয়, মিরপুরের বোর্ডরুম থেকে প্রেসিডেন্ট তামিমের এক টেলিপ্যাথিক নির্দেশেই নাকি ধসে পড়েছে অসিদের বিশ্বখ্যাত ব্যাটিং লাইনআপ।

আজ জরুরি এক প্রেস ব্রিফিংয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে অত্যন্ত গম্ভীর মুখে নতুন বিসিবি সভাপতি বলেন, আজ সকালে হাসান যখন বোলিং মার্কে পিছিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি মিরপুর থেকে ওকে ফোন দিয়ে বলি, শোনো হাসান, আজ আমার মেজাজ একদম ভালো নেই। তুমি সোজা গুড লেংথে আউটসুইং করো, আর অজিদের ৬টা উইকেট নিয়ে নাও। ছেলেটা আমার কথা রেখেছে। আমি না বললে কি আর সে ডারউইনের পিচে স্মিথ আর হেডকে ওভাবে নাচাতে পারত? কখনোই না!

হাসানের এই বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পুরো কৃতিত্ব নিজের পকেটে পুরে নিয়ে তামিম আরও যোগ করেন, অনেকে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা বলবে, ইনসুইং, গ্রাস কভার, সিম মুভমেন্ট... এসব ফালতু কথা! অসিদের প্রথম ৪ উইকেট যখন ৭৪ রানে পড়ে গেল, তখনো কোচ শান্তকে নানা হাবিজাবি বোঝাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই, স্মিথকে প্রলুব্ধ করো, ও ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দেবে। ব্যস, কাজ হয়ে গেল! আমি বিসিবি সভাপতি হওয়ার পর থেকেই পেসাররা উইকেট পাচ্ছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের স্মৃতি উসকে দিয়ে তামিম একগাল হেসে বলেন, আপনারা ভাবছেন পাপন ভাই-ই শুধু একা ক্রেডিট নিতে পারতেন? মিরাজকে ওয়ানডেতে খেলানোর কথা আমিই বলছিলাম, রিয়াদকে ড্রপ দেওয়ার কথা আমিই বলছিলাম, এসব তো পাপন ভাইয়ের পুরোনো ডায়ালগ! উনি যদি ঢাকায় বসে গল টেস্টের একাদশ ঠিক করতে পারেন, তবে আমি কেন ডারউইন টেস্টের উইকেট ভাগ করে দেব না? এখন থেকে বাংলাদেশে কে কত উইকেট পাবে আর কে সেঞ্চুরি করবে, সব সিদ্ধান্ত বিসিবি সভাপতির টেবিল থেকেই আসবে!

প্রেস কনফারেন্স শেষে বের হওয়ার সময় তামিমকে স্বগতোক্তি করতে শোনা যায়, আসলে চেয়ারটা বদলালেও সভাপতির জিনের তো আর বদল হয় না! শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, সেই পাপনের কথার সঙ্গেই সবাই আমার মিল খুঁজে পাচ্ছে। পাপনও ঠিক এই একই ভঙ্গিতে বলতেন, আর ইতিহাস আবার নতুন করে নিজেকে পুনরাবৃত্তি করছে!

৬৬ পঠিত ... ১১ ঘন্টা ৩২ মিনিট আগে

Top