কার্জনের মেয়েদের হাত থেকে শহীদুল্লাহ হলের ছেলেদের বাঁচান

১০ পঠিত ... ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে

শহীদুল্লাহ্ হলের পুকুরপাড়ের খাবারের দোকান অনেক দিন ধরেই বন্ধ। আজকে সকালে পরীক্ষা দিতে যাব, দেখি কোনো দোকানই খোলা নেই। নাস্তা, জুস, প্রিন্ট, চা—সব দোকানই বন্ধ।

পরীক্ষার আগে নাস্তা না করতে পেরে কষ্টে-দুঃখে হল গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে হলের এক ছোটভাই কমেন্ট করেছে, নাস্তার দোকান খোলা থাকলেই হলে মেয়েরা আসবে, এতে অনেক ছেলের সমস্যা হতে পারে। তাই দোকান বন্ধ থাকা জরুরি।

আমিও ভেবে দেখলাম, ঘটনা তো সত্য। এমনিতেই কার্জনের মেয়েদের শহীদুল্লাহ্ হলের ছেলেদের প্রতি কুনজর আছে। শিট প্রিন্টিং, চা-নাস্তা করার ছুতায় কার্জনের মেয়েরা হলে এসে শহীদুল্লাহর ছেলেদের চেকআউট করে যায়। মাঝেমধ্যে টিসও করে বলে খবর পাওয়া গেছে। বাংলার সবচেয়ে সুদর্শন পুরুষদের বাস ঢাবির শহীদুল্লাহ্ হলে। কোন মেয়ে না চায় এই হ্যান্ডসাম এবং ড্যাশিং ছেলেদের একনজর দেখতে!

সকালে নাস্তা না করতে পারার দুঃখ চলে গেছে। কারণ, সবার আগে ছেলেদের নিরাপত্তা। খাবার একবেলা না খেলেও চলে, কিন্তু কোনো মেয়ের কুনজরের শিকার হলে তো চরিত্রে দাগ লেগে যাবে। তখন সমাজে কী করে মুখ দেখাব?

হলের পুকুরপাড়ে খাবারের দোকান বন্ধ রেখে কার্জনের নারীদের চোখের হেফাজত এবং শহীদুল্লাহর ছেলেদের নিরাপত্তা দেওয়ার জন্য শহীদুল্লাহ্ হল সংসদকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১০ পঠিত ... ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top