বরাবর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়: শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদনপত্র
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাধারণ নাগরিক এবং বিরোধী দলের একজন প্রতিনিধি। সংবিধান প্রদত্ত রাজনৈতিক অধিকার চর্চার অংশ হিসেবে আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতে ইচ্ছুক। অতএব, প্রয়োজনীয় অনুমতি প্রদানের জন্য আপনার সদয় বিবেচনা কামনা করছি।
তবে বিগত অভিজ্ঞতার আলোকে কয়েকটি বিষয়ে আগাম নিশ্চয়তা পেলে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি। পূর্বে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করতে গিয়ে লক্ষ্য করেছি, আমাদের কর্মসূচি ঘোষণার পরপরই একই স্থান ও একই সময়ে সরকারি দলের একটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, পূর্বপরিকল্পনাবিহীন এবং আশ্চর্যজনকভাবে হাজার হাজার লোকসমাগমের পাল্টা কর্মসূচিতে রূপ নেয়। এরপর কিছু অজ্ঞাতনামা শান্তিপ্রিয় ব্যক্তি গণতন্ত্র রক্ষার স্বার্থে চেয়ার, ইট, লাঠি ও বাঁশের অবাধ ব্যবহার করেন।
অতএব, আমাদের বিনীত আবেদন, সমাবেশের অনুমতি দিলে অনুগ্রহ করে সরকারি দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, শুভাকাঙ্ক্ষী, অতিউৎসাহী সমর্থক, মোটরসাইকেল বহর, বাঁশধারী স্বেচ্ছাসেবক এবং ঘটনাস্থলে হঠাৎ আবির্ভূত হওয়া স্থানীয় জনতাকে অন্তত সমাবেশ চলাকালীন কয়েক ঘণ্টার জন্য অন্যত্র ব্যস্ত রাখার ব্যবস্থা করবেন। প্রয়োজনে তাদের জন্য আলাদা কোনো মাঠ বরাদ্দ দিতে পারেন, যাতে দুই পক্ষই সমান উৎসাহে গণতন্ত্র চর্চা করতে পারে।
পুলিশ প্রশাসনের প্রতিও আমাদের বিনীত অনুরোধ থাকবে, তারা যেন দুইপক্ষের মাঝখানে অবস্থান করেন; কোনো এক পক্ষের ঠিক পেছনে নয়। আর যদি লাঠিচার্জ, টিয়ারশেল কিংবা গ্রেপ্তারের প্রয়োজন দেখা দেয়, তাহলে কে আগে মারামারি শুরু করেছে সেটি একবার হলেও যাচাই করার কষ্ট করবেন। কারণ সিসিটিভি ক্যামেরাগুলোও মাঝে মাঝে সত্য কথা বলে।
সবশেষে, যদি উপরোক্ত শর্তসমূহ বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে আবেদনপত্রের নিচে অনুগ্রহ করে লিখে দেওয়ার ব্যবস্থা করবেন, শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়া হলো। তবে সমাবেশটি শান্তিপূর্ণ থাকবে কি না, সে বিষয়ে সরকার কোনো দায়-দায়িত্ব গ্রহণ করবে না।
অতএব, বিষয়টি গণতান্ত্রিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে শুধু সমাবেশের নয়, সমাবেশটিকে শান্তিপূর্ণ রাখারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিরোধীদলীয় কর্মী
সংযুক্তি:
১. সমাবেশের সম্ভাব্য রুট ও সময়সূচি
২. অংশগ্রহণকারীদের জন্য অহিংস আচরণবিধি (ইট, লাঠি ও বাঁশ বহন না করার অঙ্গীকারপত্র)
৩. জরুরি চিকিৎসা সহায়তা প্রদানকারী স্বেচ্ছাসেবকদের তালিকা
৪. গ্রেপ্তার হলে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত আইনজীবীদের তালিকা
৫. সমাবেশে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ ও জরুরি যোগাযোগ নম্বর



পাঠকের মন্তব্য