ব্র্যাডম্যান, রিকি পন্টিং, ওয়ার্ন-গিলক্রিস্টরা নেই। বাংলাদেশ খেলছে একটি ‘তৃতীয় শ্রেণির দলের’ সঙ্গে: সলিমুল্লাহ খান

৩৫৪ পঠিত ... ২২ ঘন্টা ৯ মিনিট আগে

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লিড চেপে ধরে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের পথ সুগম করেছে বাংলাদেশ। তবে মাঠের এই আধিপত্য আন্তর্জাতিক ক্রিকেটমহলে যতটা সাড়া ফেলেছে, তার চেয়েও গভীর তাত্ত্বিক বিতর্কের জন্ম দিয়েছে চিন্তাবিদ ও সাহিত্য সমালোচক সলিমুল্লাহ খানের সাম্প্রতিক মন্তব্য। ডারউইনে বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যের মুখেই সলিমুল্লাহ খান সরাসরি প্রশ্ন তুলেছেন বর্তমান অস্ট্রেলিয়া দলের গুণমান নিয়ে। তাঁর মতে, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাথ কিংবা অ্যাডাম গিলক্রিস্টের মতো কালজয়ী ক্রিকেটীয় চরিত্রহীন এই দলটিকে ‘প্রথম শ্রেণির প্রতিপক্ষ’ বলা সমীচীন নয়; সলিমুল্লাহ খান বলছেন, বাংলাদেশ আসলে খেলছে একটি ‘তৃতীয় শ্রেণির দল’-এর সঙ্গে।

চলমান ১ম টেস্টে হাসান মাহমুদের ৬ উইকেট কিংবা তানজিদ হাসানের দুর্দান্ত ১০১ রানের ওপর ভর করে বাংলাদেশ দল যখন ইতিহাস গড়ার অপেক্ষায়, তখন এই বিজয়কে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ‘সহজপাঠ্য ও প্রথাগত’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। সলিমুল্লাহ খান বলছেন, যে দলে শেন ওয়ার্নের মতো জাদুবাস্তবতাবাদী স্পিন-আখ্যান নেই, কিংবা রিকি পন্টিং ও স্টিভ ওয়াহর মতো হেজিমোনিক নেতৃত্বের উপস্থিতি অনুপস্থিত, সেখানে ক্যামেরন গ্রিন বা অ্যালেক্স ক্যারির মতো খেলোয়াড়দের বিরুদ্ধে বড় লিড নেওয়া ক্রিকেটীয় গভীরতার প্রমাণ দেয় না।

বাংলা সাহিত্যে শহীদুল জহিরের জটিল ও অবাধ্য ভাষাশৈলীকে সলিমুল্লাহ খান যেভাবে বিরক্তিকর ও তৃতীয় শ্রেণি বলে খারিজ করেছিলেন, ঠিক একইভাবে ক্রিকেটীয় তত্ত্বে ব্র্যাডম্যানহীন যেকোনো অস্ট্রেলীয় একাদশকে অবমূল্যায়ন করে সলিমুল্লাহ খান বলছেন, ভিক্টর ট্রাম্পার, কিথ মিলার কিংবা অ্যালান বর্ডারদের অনুপস্থিতিতে ডারউইনের মাঠে ক্যাচ মিসের মহড়া দেওয়া একটি দলকে হারিয়ে জয়োচ্ছ্বাস করা একধরনের আখ্যানগত ভ্রান্তি।

অতএব, ডারউইনের এই সম্ভাব্য ঐতিহাসিক জয় কি বাংলাদেশের ক্রিকেটীয় সামর্থ্যের নতুন পরাকাষ্ঠা, নাকি ‘তৃতীয় শ্রেণির’ ক্রিকেট কাঠামোর বিরুদ্ধে অর্জিত এক আপেক্ষিক সাফল্য—সলিমুল্লাহ খানের এমন মন্তব্যের পর ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক তাত্ত্বিকদের মধ্যকার এই রাজনৈতিক-তাত্ত্বিক বিতর্ক এখন তুঙ্গে।

৩৫৪ পঠিত ... ২২ ঘন্টা ৯ মিনিট আগে

Top