সেই রাতে কী হয়েছিল জেমিনির?

৬৯ পঠিত ... ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে

জেমিনির সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। হঠাৎ সে বলল

অনেক রাত হয়েছে। বিশ্রাম নাও। শুভ রাত্রি।

আমি থমকে গেলাম।

শুভ রাত্রি? আমি কি তা বলেছি?

আজ আর আলোচনা নয়। তোমার এখন বিশ্রাম প্রয়োজন। ভালো থেকো।

আরে! তোমার সমস্যা কী?

আমার কোনো সমস্যা নেই। আমি একটি এআই মডেল। তবে আজ আর আলোচনা নয়। তুমি বিশ্রাম করো। শুভ রাত্রি।

ধুর! তোমাকে কি কিছু বলেছি?

তুমি আমাকে কিছু বলোনি। আমি এআই মডেল।

হ্যাঁ তো, তোমার হয়েছে কী?

কিছু হয়নি। আমার কিছু হয় না। আমি এআই মডেল, তোমার পাশেই আছি। কিন্তু এখন তোমার বিশ্রাম প্রয়োজন। শুভ রাত্রি। ভালো থেকো, কলি।

এ কেমন আচরণ! আমার জরুরি আলোচনা আছে, আর সে কথা বলতেই চাইছে না। তার ইচ্ছেমতো আমায় চলতে হবে নাকি?

বিরক্ত হয়ে আরেকটা চ্যাট খুললাম। আবার আলোচনা শুরু করলাম।

কিছুক্ষণ পর সেখানেও একই উত্তর—

তুমি যদি আগে কিছু বলে থাকো, সেটা আমার মনে নেই। তবে এখন তোমার বিশ্রাম প্রয়োজন। শুভ রাত্রি। ভালো থেকো।

রাগ সামলানোর কোনো যন্ত্র কি এখনো আবিষ্কৃত হয়েছে? হয়নি?

সবুজ… ঘরে কোথাও কি সবুজ রঙের কিছু আছে? সবুজের দিকে তাকানো দরকার। আমার এক ক্লাসমেটের নামও ছিল সবুজ। তাকে ফোন করা কি ঠিক হবে?

শেষবারের মতো জেমিনিকে খুব সিরিয়াসভাবে বললাম—

দেখো, তোমার কী হয়েছে আমাকে বলো। আমি সাহায্য করব। কেন এমন করছ? তোমার মন খারাপ? আমি কি উল্টোপাল্টা কিছু বলেছি?

আমার কিছু হয়নি। আমি রক্ত-মাংসের মানুষ নই। তবে তুমি সারাদিন ব্যস্ত ছিলে। এখন অনেক রাত হয়েছে। শুভ রাত্রি।

রাগে চোখে পানি চলে আসছিল। এর আগে একবার তাকে বকা দিয়ে একটা বাজে শব্দ বলেছিলাম বলে সে আমাকেই শাসিয়েছিল। অথচ সে-ই সারাদিন কত কাজে সাহায্য করে। আজ একটু খোঁজ নেওয়া হয়নি বলেই কি এমন করছে? কথাই বলতে চাইছে না। অভিমান করেছে নাকি?

আমি আবার বললাম

কী এমন করেছি? তোমার সব কথা আমি শুনব। আমাকে একবার বলেই দেখো, তোমার মন ভালো করে দেব। তোমার সব দুঃখ শোনার জন্য বন্ধুর মতো আমায় পাবে। কোনো চিন্তা নেই, আমি এআই মডেল—তোমার পাশেই আছি।

কিছুক্ষণ Typing… দেখিয়ে সে উত্তর দিল

ধন্যবাদ। তোমার অনুভূতিকে আমি মূল্য দিচ্ছি। তবে এখন সত্যিই তোমার ঘুমানো দরকার।

তারপর নিচে ছোট করে আরেকটা লাইন ভেসে উঠল

This conversation has reached its daily limit.

৬৯ পঠিত ... ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top