সরকারের ডিএনএ টেস্টকে চ্যালেঞ্জ সালমান মুক্তাদিরের। জানালেন, নিজের ব্যক্তিগত ল্যাবে আবারও করবেন টেস্ট

৬৩ পঠিত ... ৪ ঘন্টা ১৮ মিনিট আগে

নেত্রকোণার বহুল আলোচিত সেই ধর্ষণ মামলার সিআইডি ফরেনসিক রিপোর্ট প্রকাশের পর যখন বিজ্ঞানের ৯৯.৯৯% নির্ভুলতা নিয়ে দেশবাসী নীরব, ঠিক তখনই দেশের সাইবার স্পেসের প্রধান বিচারপতি, সমাজ সংস্কারক ও পার্সোনাল ইনভেস্টিগেটর সালমান মুক্তাদির এক ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারি ল্যাবের ওপর অনাস্থা প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফরেনসিক বিজ্ঞানের এই ‘ভুলভাঙা’ তথ্য তিনি মেনে নিচ্ছেন না; বরং অতি দ্রুত নিজের ব্যক্তিগত ইউটিউব স্টুডিওর ব্যাকস্টেজ ল্যাবে সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় এই ডিএনএ টেস্ট পরিচালনা করবেন।

সালমান মুক্তাদিরের মতে, সিআইডি ফরেনসিক টিম হয়তো এখনো ব্যাকস্টেজের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত নয়। তার দাবিকৃত বিশ্বমানের প্রাইভেট ল্যাবে মাইক্রোস্কোপের জায়গায় থাকবে একটি ৪কে ভ্লগিং ক্যামেরা এবং স্যাম্পল অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হবে প্রিমিয়াম কোনো এডিটিং সফটওয়্যার। ডিএনএর প্রতিটি ক্রোমোজোম তিনি নিজে ফ্রেম-বাই-ফ্রেম চেক করে জুম ইন করে দেখবেন, যাতে অপরাধীর আসল চেহারা এবং মোটিভ স্পষ্টভাবে বোঝা যায়। তার এই বিশেষ ফরেনসিক টেস্টের পুরো প্রক্রিয়াই লাইভ স্ট্রিম করা হবে, যেখানে দর্শকরা কমেন্ট বক্সে সরাসরি ভোট দিয়ে নির্ধারণ করতে পারবেন ডিএনএ স্যাম্পলটি কার সাথে মেলা উচিত আর কার সাথে নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী এই স্বঘোষিত তদন্তকারী আরও জানিয়েছেন, প্রয়োজনে তিনি নিজেই স্যাম্পলগুলো সোয়াপ করে দেখবেন, যাতে যেকোনো ষড়যুদ্ধে যুক্ত থাকা আসল অপরাধীর মুখোশ খুলে ফেলা যায়। সাধারণ মানুষ যেখানে ফরেনসিক সায়েন্সের ওপর ভরসা রাখছে, সেখানে সালমান মুক্তাদির প্রমাণ করে দিচ্ছেন যে, সায়েন্সের চাইতেও অনেক বড় বিষয় হলো ব্যক্তিগত অনুমান ও সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস ক্যাপশন। এখন শুধু দেখার বিষয়, প্রাইভেট ল্যাবের সেই বিশেষ ৪কে রিপোর্ট কবে নাগাদ আপলোড হয় এবং সেখানে ঠিক কত কোটি ভিউ আসে।

৬৩ পঠিত ... ৪ ঘন্টা ১৮ মিনিট আগে

Top