‘রইদ’ নামের এক মহাবিপর্যয়!

পঠিত ... ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে

IMG-20260601-WA0071

আজকালকার ডিরেক্টররা যে কী বানায় আর কী চিন্তা করে টাকা নষ্ট করে, আল্লাহই জানেন! পকেটের টাকা খরচ করে ওটিটি বা হলের টিকিট কেটে ‘রইদ’ দেখতে গেলাম। ভাবলাম, নামের মধ্যেই একটা গরম ভাব আছে, রইদ (রোদ)। নির্ঘাত পর্দায় আগুন জ্বলবে! নায়ক এসে চার-পাঁচটা ভিলেনকে একসঙ্গে ধরে ধোলাই দেবে, ব্যাকগ্রাউন্ডে তালি মারার মতো মিউজিক বাজবে, আর নায়িকার সঙ্গে রোমান্টিক ডুয়েট গানে নেচে নেচে পুরো পর্দা কাঁপিয়ে দেবে। কিন্তু সিনেমা শেষ হওয়ার পর বুঝলাম, আরে ভাই, এটা তো সিনেমাই না!

সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত একটাও ঘুষি নাই, একটাও লাথি নাই!  ভাইরে ভাই, মারপিট ছাড়া নাকি সিনেমা হয়? নায়ক যদি গুন্ডাদের হাড়গোড় না ভাঙতে পারে, তবে সে কিসের নায়ক? পুরো আড়াই ঘণ্টা ধরে আমাদের রক্ত গরম হওয়ার বদলে ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল।

সিনেমায় নায়ক-নায়িকা আছে, অথচ তাদের মধ্যে কোনো প্রেমই নাই! পুরো সিনেমায় একটা গানও নাই, যেখানে নায়ক-নায়িকা রঙিন জামাকাপড় পরে কোনো বাগানে বা পাহাড়ের চূড়ায় গিয়ে নেচে নেচে গান গাইবে। আজকালকার পোলাপান প্রেম বলতে বোঝে চোখের পলক না ফেলে ১০ মিনিট ধরে একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকা! কোনো ইমোশন নাই, রোমান্স নাই, একটু হাত ধরাধরিও নাই। আমরা কি হলে গিয়ে মানুষের চোখের মণি দেখতে টাকা দিছি? একে যদি প্রেম বলে, তবে তো বাসার বিড়াল-কুকুরও প্রতিদিন এর চেয়ে বড় প্রেম করে!

সিনেমার কাহিনি যেভাবে আগায়, তার চেয়ে ঢাকার রাস্তার জ্যামেও গাড়ি দ্রুত চলে। একটা ডায়ালগ বলার পর চরিত্ররা এমনভাবে চুপ হয়ে যায়, মনে হয় স্ক্রিন হ্যাং করছে নাকি নেটওয়ার্ক চলে গেছে! কোনো টুইস্ট নাই, কোনো ধাওয়া-পাল্টা ধাওয়া নাই। ডিরেক্টর নাকি এর মধ্যে ‘আর্ট’ আর ‘দর্শন’ দেখাইছেন। আরে মিয়া, আমরা কি দর্শনের ক্লাস করতে আসছি নাকি সিনেমা দেখতে আসছি? সিনেমা মানে বিনোদন, সিনেমা মানে হুলস্থুল!

রেটিং

গান ও নাচ: ০%
(একটা ডিজে গান বা আইটেম সং দূরের কথা, আছে খালি কয়েকটা প্যানপ্যানানি আর গুনগুনানি।)

অ্যাকশন: ০%
(একটা কাঁচের গ্লাসও ভাঙেনি পুরো সিনেমায়।)

রোমান্স: মাইনাস ১০০%
(শুকনা মুখে তাকিয়ে থাকা প্রেম আমাদের পছন্দ না।)

সোজা কথা: যে সিনেমায় নায়ক উড়ে এসে ভিলেনকে মারে না, নায়িকা শাড়ি পরে বাতাসে ওড়ে না, আর ব্যাকগ্রাউন্ডে ধুমধাড়াক্কা মিউজিক বাজে না—ওইটা কোনো সিনেমার জাতেরই না! ‘রইদ’ দেখার চেয়ে দুপুরে খেয়েদেয়ে ঘুম দেওয়া অনেক ভালো বিনোদন!

পঠিত ... ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top