দেশে চালু হতে যাচ্ছে ইনস্টিটিউট অব ক্লিকবেইট জার্নালিজম। মূলত ক্লিকবেইট সাংবাদিকতার চর্চা আরও ছড়িয়ে দেওয়া এবং আগামী প্রজন্মের সাংবাদিকদের শিরোনামনির্ভর সংবাদ পরিবেশনায় দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, এমন একদল সাংবাদিক তৈরি করা, যাঁরা খবরের ভেতরে কী আছে, তার চেয়ে পাঠককে খবরের ভেতরে ঢোকাতে কতটা সক্ষম, সেটিকে বেশি গুরুত্ব দেবেন। শিরোনাম দেখে পাঠক যত বেশি উত্তেজিত হবেন, সাংবাদিকতার সাফল্য তত বেশি বলে বিবেচিত হবে।
প্রতিষ্ঠানের প্রথম ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ পাওয়ার কথা রয়েছে একুশে টেলিভিশনের সম্পাদকের। জান্নাতুল তাজনিমের মৃত্যুর খবর ঘিরে শিরোনামনির্ভর সংবাদ পরিবেশনা নিয়ে সামাজিক মাধ্যমে যে সমালোচনা তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানের নিয়োগ বোর্ড বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, আধুনিক সাংবাদিকতায় এথিক্সের চেয়ে লাইক-কমেন্ট অনেক বেশি জরুরি বিষয়। আমরা আধুনিক সাংবাদিকতার সংজ্ঞা পাল্টে দিতে চাই। আসল খবর যাই থাকুক মানুষকে হুক করতে পারের এমন টাইটেল না থাকলে আজকাল খবর আর চলে না। আর এই টেকনিকটাই আমাদের কাছে মনে হয়েছে একুশে টিভির সম্পাদকের চেয়ে ভালো কেউ আর জানেন না। আমরা উনার বিগ ফ্যান যত টাকাই লাগুক উনাকে আমরা ছাড়ছি না।
এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। বরং শিরোনাম দেখেই খবরের পুরো ঘটনা অনুমান করতে পারা, যেকোনো সাধারণ ঘটনাকে ‘চাঞ্চল্যকর’ মনে করা এবং একটি বাক্য থেকে অন্তত পাঁচটি প্রশ্নবোধক শিরোনাম তৈরি করতে পারাকে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। তাই যেকোনো মানুষই এখানে ভর্তি হতে পারবেন। আগামীতে আর কাকে কাকে এখানে নিয়োগ দেওয়া হবে, জানতে চাইলে মুখপাত্র ভাইটি বলেন, সামনে আমরা গুজব ডিপার্টমেন্টও চালু করার চিন্তা করছি তখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব এক্সপার্টদেরও আনা হবে।


