বিজেপিকে আন্দোলন দমানোর টেকনিক শেখাতে চান হাসিনা। মোদি বললেন তুমি চুপ থাকো

৩২ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে

 

ভারতে চলমান আন্দোলন দমাতে ভারত সরকার তথা বিজেপিকে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আন্দোলন সামলানোর বিভিন্ন টেকনিক শেখাতে আগ্রহ প্রকাশ করেছেন পলাতক শেখ হাসিনা। ভারতের বর্তমান পরিস্থিতি দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। একসময় যে ভারতকে নিজের অত্যন্ত পছন্দের, সাজানো-গোছানো দেশ হিসেবে ভাবতেন, সেখানে আন্দোলন-সংগ্রাম দেখে তার মন খারাপ হয়ে গেছে বলে জানা গেছে।

নিজের কাল্পনিক এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক টুইটে হাসিনা লেখেন, আগে ভাবতাম শুধু বাংলাদেশেই রাজাকার আছে, এখন দেখি এখানেও রাজাকার ভর্তি! আমার পছন্দের সাজানো-গোছানো ভারতকেও ওরা ধ্বংস করে দিচ্ছে দেখে খুব খারাপ লাগছে। সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগেই মোদীজিকে বলতে চাই, আমি আপনাদের পাশে আছি। প্রয়োজনে আন্দোলন দমনের অভিজ্ঞতা থেকে কিছু টেকনিকও শেখাতে পারি। ১০ সেকেন্ড ব্যাক টু ব্যাক।

হাসিনার এমন প্রস্তাবে ভারতের রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সামলানোর দীর্ঘ অভিজ্ঞতা থেকে এবার ভারতের বিজেপি সরকারকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চান তিনি। তবে হাসিনার এই আগ্রহের পেছনে ঠিক কী ধরনের প্রশিক্ষণ পরিকল্পনা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এদিকে হাসিনার এমন প্রস্তাবের জবাবে মোদি তার এক্স অ্যাকাউন্ট থেকে মাত্র তিনটি শব্দের টুইটে উত্তর দেন ‘তুমি চুপ থাকো’।

মোদীর এমন সংক্ষিপ্ত জবাবে হাসিনা কী প্রতিক্রিয়া জানিয়েছেন, তা অবশ্য এখনো জানা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলন সামলানোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে যদি এমন উত্তর শুনতে হয়, তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনৈতিক পরামর্শ দেওয়ার আগে দুবার ভাবতে হতে পারে।

৩২ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে

Top ​