দিল্লীতে ইন্টারনেট বন্ধ নিয়ে উচ্ছ্বসিত পলক

৩০ পঠিত ০ ... ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে

ইন্টারনেট বন্ধ হয় না, নিজে নিজেই বন্ধ হয়ে যায়

তথ্যপ্রযুক্তি জগতের এই মহাজাগতিক ও বৈজ্ঞানিক সত্য প্রথম আবিষ্কার করেছিলেন বাংলাদেশের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবার সেই ঐতিহাসিক ও বৈপ্লবিক তত্ত্ব বাস্তবে প্রয়োগ হতে দেখে আনন্দে ভাসছেন তিনি।

ভারতে ছাত্র-জনতার আন্দোলন রুখতে দিল্লির কেন্দ্রস্থলে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। কাশিমপুর কারাগারের বিশেষ সূত্রে জানা যায়, দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ৪ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে ইন্টারনেট গায়েব হওয়ার খবর শুনেই পলক গদগদ হয়ে উঠেছেন।

নিজের উদ্ভাবিত সেলফ-শাটডাউন বা আউট অফ নো হোয়্যার শাটডাউন মডেল আন্তর্জাতিক সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে সফলভাবে রপ্তানি হতে দেখে তিনি কারাকক্ষেই ছোটখাটো একটি আনন্দ মিছিল বের করার চেষ্টা করেন।

হাতে কৃত্রিম মাইক্রোফোন ধরার ভঙ্গি করে এক কাল্পনিক সংবাদ সম্মেলনে অত্যন্ত গর্বের সঙ্গে তিনি বলেন:

ইয়োর কান্ট্রি, মাই কান্ট্রির প্রোডাক্ট স্যার! দিস ইজ আওয়ার মেড-ইন-বাংলাদেশ ফাইবার-ফ্রি মডেল! উই আর ভেরি প্রাউড স্যার!

তিনি আরও দাবি করেন, আমি তো আগেই বলেছিলাম, ইন্টারনেট কখনো সরকার বন্ধ করে না। আন্দোলন দেখলেই রাউটার আর অপটিক্যাল ফাইবার বুক ধড়ফড় করে নিজে থেকেই বন্ধ হয়ে যায়! ভারতের ভাইয়েরা একটু দেরিতে হলেও আমার এই ডিজিটাল সাইকোলজি বুঝতে পেরেছে। তারা নিশ্চয়ই দিল্লির কোনো একটি ভবনে আগুন লাগার প্রাকৃতিক কারণ খুঁজে পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা ঠাট্টা করে বলছেন, পলকের বিখ্যাত ‘প্রাকৃতিক ডেটা সেন্টার অগ্নিকাণ্ড’ থিওরি এখন দক্ষিণ এশিয়ার স্বৈরাচারী ও প্রতিবাদ-প্রতিরোধ দমনের নতুন গাইডবুক হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন পলক অবশ্য আশা প্রকাশ করেছেন, প্রযুক্তি খাতের এই অসাধারণ ‘রপ্তানি সাফল্যের’ জন্য হয়তো তার মামলার ধারা শিথিল করা হতে পারে। যাওয়ার আগে তিনি কারারক্ষীকে বলে যান, স্যার, দিল্লি পুলিশকে বলবেন, ওরা যেন ব্রডব্যান্ড বন্ধের জন্য মহাখালীর ডেটা সেন্টার কাণ্ডের ড্রাফট চিঠিটাই সরাসরি কপি-পেস্ট করে নেয়!

 

৩০ পঠিত ০ ... ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে

Top ​