নেসক্যাফে বয় ইন গ্লোরিয়া জিনস

৫৮ পঠিত ... ১৩ ঘন্টা ৫ মিনিট আগে

শায়লার টেক্সট: জহির ভাই, কাল সন্ধ্যায় গ্লোরিয়া জিনসে এক কাপ কফি খাই? আমার পক্ষ থেকে ট্রিট! জহিরের মনে হয়েছিল তার পায়ের নিচের মাটিটা আরও দুই ইঞ্চি দেবে গেছে। শায়লা যখন কথা বলে, তার প্রতিটি উচ্চারণ যেন স্ফটিকের মতো স্বচ্ছ। সে যখন 'ক্যাপুচিনো' বলে, জহিরের মনে হয় কোনো এক ইতালীয় অপেরা বাজছে। আর জহির? সে আজীবন জেনে এসেছে কফি মানে হলো নেসক্যাফে আর দুই চামচ চিনি। জহির কল্পনা করে, শায়লা হয়তো ওয়েটারকে বলবে, "আই’ল হ্যাভ আ ক্যারামেল ব্রুলে লাটে উইথ এক্সট্রা শট অফ এসপ্রেসো।" অথচ জহিরের জিভ দিয়ে 'ক্যারামেল ব্রুলে' শব্দটা বের হতে গিয়ে আটকে যায়; তার মনে হয় সে যেন ভুল করে কোনো ফরাসি সাবানের নাম উচ্চারণ করছে।

নিজের এই অশিক্ষিত জিভটাকে শোধরানোর জন্য জহির ইউটিউবে টিউটোরিয়াল দেখতে বসল। "হাউ টু প্রোনাউন্স ক্যাফে মোকা", "ডিফারেন্স বিটুইন লাটে অ্যান্ড আমেরিকানো", সারারাত জহিরের কানে হেডফোন গোঁজা। সে শিখল 'জালপেনো মোজারেলা স্টিকস' উচ্চারণ করতে গিয়ে যেন 'জেলাপিনো' না বলে ফেলে। জহির আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে, "ক্যাপা-চিনো... না না, ক্যাপু-চিনো।" তার মনে হয়, শায়লা যখন অনায়াসে 'আইরিশ নাট' বা 'টোফি নাট লাটে'র অর্ডার দেবে, জহির তখন মেনু কার্ডের পাতায় হারিয়ে যাওয়া কোনো নাবিকের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। জহির জানেই না কোন কফিটা জিভে দিলে তিতা লাগে আর কোনটা বরফের মতো ঠান্ডা। তার কাছে 'এস্প্রেসো' মানে হলো এক চুমুক বিষ, আর চিলার মানে হলো রঙিন শরবত।

পরদিন বিকেলে জহির যখন আলমারি খুলল, তার সামনে একটা সাদা শার্ট উঁকি দিল। কিন্তু সে ওটা ধরল না। জহিরের মনে হলো, শায়লার পাশে হাঁটলে তাকে মানাবে না। শায়লা যখন তার হিল জুতো পরে হাঁটবে, জহিরকে তখন তার ছোট ভাই বা বড়জোর ব্যক্তিগত সহকারী মনে হবে। জহির ভাবতে থাকে, গুলশানের রাস্তার ঝকঝকে সব মানুষ যখন তাদের দেখবে, তারা কি আড়ালে হাসবে না? তারা কি ভাববে না, এই অপার্থিব সুন্দর মেয়েটার সাথে এই ম্লান চেহারার লোকটা কে? কোনো রিহ্যাব ফেরত রোগী নাকি?

জহিরের উচ্চতা তার আত্মবিশ্বাসের গলায় ফাঁস হয়ে ঝুলে থাকে। সে ভাবল, শায়লা হয়তো দয়া করছে, কিংবা হয়তো সে জহিরের সাধারণত্বের ওপর কোনো গবেষণা করছে। জহিরের আইডেন্টিটি ক্রাইসিস তাকে বারবার মনে করিয়ে দেয়, সে হলো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক যা কেবল করুণ রস তৈরি করতে পারে, কোনো রোমান্টিক ক্লাইম্যাক্স নয়।

ঘড়িতে ছ'টা বাজে। জহির জুতো পরে তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তার হাত কাঁপতে শুরু করল। তার মনে হলো, গ্লোরিয়া জিনসের ওই এসির বাতাসে তার ঘামগুলো বরফ হয়ে যাবে। সে যদি অর্ডারের সময় ভুল করে 'ক্যাপুচিনো'কে 'কাপা-চিনো' বলে ফেলে, তবে শায়লার ওই উজ্জ্বল চোখের কোণে কি এক চিলতে উপহাস দেখা দেবে না? জহির বিছানায় ধপ করে বসে পড়ল। সে আজ যাবে না। সে চায় না তার অগোছালো অস্তিত্ব শায়লার পরিপাটি জগতের ওপর কোনো কালির দাগ ফেলুক। জহির তার ফোনটা বন্ধ করে অন্ধকারের দিকে তাকিয়ে থাকল। তার মনে হলো, সে এক অচল সিকি, যা দামী কফি শপে চলে না।

রাত ন’টার দিকে জহির যখন ফোনটা অন করল, দেখল শায়লার একটা মেসেজ পড়ে আছে। কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত হাহাকার মেশানো বাক্য:

জহির ভাই, ঘড়ির কাঁটা যখন ছয়টা থেকে সাতটা পার হলো, আমার বারবার মনে হচ্ছিল আপনি ওই ক্যাফের কাঁচের দরজাটা ঠেলে ভেতরে আসবেন। প্রতিবার দরজার ঘণ্টাটা বাজলেই আমি ঘাড় ঘুরিয়ে দেখছিলাম, ভাবছিলাম এই বুঝি আপনি আপনার সেই পরিচিত কুঁচকানো শার্টটা পরে কাঁচুমাচু মুখে এসে দাঁড়ালেন। আপনার জন্য অর্ডার করা ওই 'ক্যারামেল ব্রুলে লাটে'র কাপটা যখন ধীরে ধীরে বরফ হয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আপনার ওই নীরবতাটুকুও যেন আমার সাথে কথা বলছে।

আপনি কি জানেন জহির ভাই? এই শহরের সব পারফেক্ট মানুষগুলোর ভিড়ে আপনার ওই অগোছালো চোখগুলো আমাকে শান্তি দেয়। সবাই যখন নিজেকে সাজিয়ে গুছিয়ে জাহির করতে ব্যস্ত, আপনি তখন নিজের খোলসে লুকিয়ে থাকেন। এই সারল্যটুকুই তো আপনাকে সবার চেয়ে আলাদা করেছে। আমি জানি আপনি কেন আসেননি। হয়তো আপনি ভেবেছেন এই উজ্জ্বল আলো আর দামী কফির কাপে আপনাকে মানাবে না। কিন্তু আমি তো কফি খেতে আসিনি জহির ভাই, আমি এসেছিলাম আপনার ওই বিষণ্ণ চোখের আয়নায় নিজেকে একটু দেখতে। নিজেকে অতটা ফেলনা ভাববেন না। কিছু কিছু অসম্পূর্ণতা পৃথিবীর সব পূর্ণতার চেয়েও সুন্দর হয়। ভালো থাকবেন, আর অন্তত নিজের জন্য হলেও একটু হাসবেন।

জহির মেসেজটা পড়ে সাদা শার্টটার দিকে তাকাল। শায়লা কি তাকে ভালোবাসে? নাকি এই মেসেজটা কেবলই এক বিদগ্ধ করুণার বহিঃপ্রকাশ? জহির জানে না। শায়লার হৃদয়ে জহিরের জন্য কোনো আসন আছে কি না, নাকি জহির কেবল শায়লার ডেস্কে রাখা সেই নীল টেডিটার মতোই একটা শোপিস। তা এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেল। জহির ঘরের আলো নেভালো না, কিন্তু তার পৃথিবীটা আজ আরও একটু বেশি ধূসর হয়ে গেল।

৫৮ পঠিত ... ১৩ ঘন্টা ৫ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সাক্ষাৎকারকি


Top