হিমু ও একটি মব জাস্টিস

৬৮ পঠিত ... ১০ ঘন্টা ২৭ মিনিট আগে

প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবনে সোফায় বসে আছে হিমু। তার সেই বিখ্যাত হলুদ পাঞ্জাবি পরা। পায়ে কিছু ধুলো লেগে আছে। ওর সামনে টি-টেবিলে রাখা নাস্তা। যে-সে নাস্তা না, বারবিকিউ চিকেন, লুচি, কয়েক রকম সন্দেশ, আম, কলা, আপেল, আনারস, আঙুরসহ নাম না জানা কয়েক রকম ফল, শিঙাড়া, চা-সহ আরও অনেক কিছু।

হঠাৎ করেই হাসিমুখে প্রধানমন্ত্রী ঢুকলেন। হিমু উঠে দাঁড়াতেই কাঁধে হাত রেখে বললেন,

আরে বসো বসো। তোমার সঙ্গে দেখা করতে চাই অনেকদিন ধরে। কেমন আছো?

হিমু কিছু না বলে মুচকি হাসল। প্রধানমন্ত্রী কথা চালিয়ে গেলেন,

আমি আসলে তোমার মতো হতে চাই। কী করা যায় বলো তো?

হিমু বলল, আমার বাবার মহাপুরুষ বানানোর একটা গাইডলাইন ছিল। আপনি চাইলে আমি সেগুলো আপনাকে জানাতে পারি।

প্রধানমন্ত্রী বেশ খুশি হয়ে গেলেন। হিমু হাতে থাকা বইটা এগিয়ে দিল। বইয়ের নাম হিমুর বাবার কথামালা। প্রধানমন্ত্রী একটু অবাকও হলেন। অবাকের সুরেই বললেন,

আমার এই বইটি লাগবে, তুমি কীভাবে জানলে?

হিমু কিছু না বলেই আস্তে করে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। তার এখানে কাজ শেষ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী বসে আছেন। দুজনেই বেশ উত্তেজিত। দেশের চারদিকে নানা কিছু হচ্ছে। এর মাঝে শাহবাগে সমকামী বলে আক্রমণ করেছে একদল জনতা। সেটা যেতে না যেতেই কুষ্টিয়ায় এক পীরকে মব করে মেরে ফেলেছে। এটা নিয়ে উত্তেজিত অবস্থা।

প্রধানমন্ত্রী হঠাৎ দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন, ভাই, করব কী এখন?

স্বরাষ্ট্রমন্ত্রীও একটু কনফিউজড হয়ে আছেন। খানিকটা চিন্তিত কণ্ঠে বললেন, আসলে অনেক কিছু হচ্ছে। কিন্তু এখন করবটা কী, সেটাই বুঝছি না!

পায়চারি করতে করতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ইউরেকা! পেয়েছি! বলে হুড়োহুড়ি করে বুকশেলফ থেকে একটা ছোট্ট বই তুলে নিলেন।

কিছুক্ষণ পরেই নিজের চেয়ারে বেশ রিল্যাক্সড হয়ে বসে প্রধানমন্ত্রী বললেন, বুঝলেন ভাই, হিমু হওয়ার মতো আনন্দ আর আরাম আর কিছুতেই নেই। সব সমস্যার সমাধান আছে এইখানে। আমি যে হিমু হয়ে গিয়েছি, তা তো আমার মনেই ছিল না!

স্বরাষ্ট্রমন্ত্রী একটু অবাক হলেও প্রধানমন্ত্রীকে এত রিল্যাক্সড দেখে খুশি হয়ে গেলেন। তিনি বেশ খুশি খুশি গলায় বললেন, তাহলে এখন আমরা কী করব? সমাধানটা কী?

প্রধানমন্ত্রী একটু হেসে বললেন, এখন আমরা কিছুই করব না। আমরা শুধু দেখব। যা হচ্ছে, যা হবে, এসব শুধু দেখতে থাকব। আমাদের বলার কিছু নেই। এতসব চিন্তা করে বলে কী হবে? হিমুরা কিছু বলে না, শুধু দেখে।

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা শুধু দেখব?

প্রধানমন্ত্রী বললেন, হ্যাঁ। আচ্ছা ভাই, কী দেখা যায় বলেন তো?

স্বরাষ্ট্রমন্ত্রী একটু ভেবে বললেন, আচ্ছা, বেইলি রোডে নাকি নাটক থিয়েটার হচ্ছে। শুনেছি খুব ভালো। যাবেন না কি ভাই?

প্রধানমন্ত্রী আগের চেয়েও বেশি খুশি হয়ে তার স্ত্রীর কাছে ফোন দিলেন। একটা ফ্যামিলি টাইম কাটানো যাবে এই সুযোগে।

স্বরাষ্ট্রমন্ত্রীও প্রসন্ন চিত্তে রুম থেকে বের হয়ে আসতে আসতে ভাবলেন, হিমু হওয়া তো বেশ আরামের! আমিও আজ থেকে তবে হিমুই হব!

৬৮ পঠিত ... ১০ ঘন্টা ২৭ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top