ভালোবাসা দিবসে যখন সবাই লাল গোলাপ আর চকোলেট নিয়ে ব্যস্ত, তখন আমি একটু সাহস করে পৌঁছে গেলাম পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, আমাদের সবার প্রিয় সুন্দরবন-এর কাছে। উদ্দেশ্য? একটি একান্ত কাল্পনিক সাক্ষাৎকার।
সাক্ষাতকারের শুরুতেই দেখি সুন্দরবন বেশ ঝোপঝাড় গুছিয়ে মন খারাপ করে বসে আছে। আমাকে দেখেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যাতে নোনা জলের গন্ধ আর বনের হাহাকার মিশে ছিল।
প্রতিবেদক: শুভ ভালোবাসা দিবস! আজকের এই দিনে আপনার মনের অবস্থা কেমন?
সুন্দরবন: ভাইরে, আমার আবার ভালোবাসা দিবস! আমার কপালে তো জুটছে শুধু দখল দিবস। সবাই ভালোবাসার দিবসে গোলাপ খুঁজে, আর আমার এখানে মানুষ আসে গোলপাতা আর সুন্দরী গাছ কাটতে। আমাকে সবাই প্রাকৃতিক দেওয়াল বলে ডাকতে ভালোবাসে, কিন্তু সেই দেওয়ালটা যে দিন দিন ক্ষয়ে যাচ্ছে, সেটা দেখার সময় কার আছে?
প্রতিবেদক: কিন্তু আপনি তো আমাদের গর্ব! আপনার রয়েল বেঙ্গল টাইগার তো বিশ্বখ্যাত।
সুন্দরবন: বাঘের কথা আর বইলেন না। এক সময় আমার এখানে বাঘের গর্জনে মানুষের কলিজা কাঁপত, আর এখন বাঘরাই মানুষের ভয়ে লুকায়। বাঘের সংখ্যা কমতে কমতে এখন এমন অবস্থা যে, বাঘেরা একে অপরের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কীরে ভাই, তুই এখনও আছিস নাকি চামড়া হয়ে কারও ড্রয়িংরুমে ঝুলে গেছিস?
প্রতিবেদক: দূষণ নিয়ে কিছু বলবেন? শোনা যায় আপনার শরীরে এখন নোনা জলের চেয়ে প্লাস্টিক আর তেলের পরিমাণ বাড়ছে।
সুন্দরবন: আরে ভাই, আমার নদীতে এখন মাছের চেয়ে চিপসের প্যাকেট আর ওয়ানটাইম কাপ বেশি দেখা যায়। পর্যটকরা আসে আমাকে ভালোবাসতে, আর যাওয়ার সময় উপহার হিসেবে ফেলে যায় পলিথিন। মাঝেমধ্যে তো বড় বড় জাহাজ এসে আমার গায়ে তেল মেখে দিয়ে যায়— যেন আমি কোনো বিউটি পার্লারে আসছি অয়েল ম্যাসাজ নিতে!
প্রতিবেদক: মানুষ তো বলে তারা আপনাকে বাঁচাতে অনেক কাজ করছে...
সুন্দরবন: হ্যাঁ, কাজ তো হচ্ছেই! একদল মানুষ গাছ কেটে বন সাফ করছে, আরেকদল কলকারখানা বানিয়ে ধোঁয়া ছাড়ছে। এটা কেমন ভালোবাসা বলেন তো? অনেকটা সেই প্রেমিকের মতো যে তার প্রেমিকাকে বলে, মাকে এত ভালোবাসি যে তোমার অক্সিজেনের মাস্কটা খুলে আমি নিজে একটু নিশ্বাস নিই!
সাক্ষাৎকারের শেষে সুন্দরবন আমায় একটা শুকনো পাতা ধরিয়ে দিয়ে বলল, শোনো, আমাকে দিবসভিত্তিক ভালোবেসো না। আজ লাল জামা পরে ছবি তুলে ফেসবুকে সেভ সুন্দরবন লিখলে আমার দুঃখ কমবে না। যদি সত্যিই ভালোবাসতে চাও, তবে আমার বুক থেকে ওই বিষাক্ত ধোঁয়া আর দখলের কুড়ালটা সরাও। আমি বাঁচলে তোমরা বাঁচবে, নইলে একদিন দেখবে তোমাদের প্রোটেক্ট করার জন্য এই বুড়ো সুন্দরবন আর নেই।



পাঠকের মন্তব্য