ছাত্র সংসদ নির্বাচনের যে বিষয়গুলো জাতীয় নির্বাচনেও থাকতে পারে

৪০ পঠিত ... ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে

১২ তারিখ বহু প্রতীক্ষার পর হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এর আগে ছাত্র সংসদ নির্বাচন দেখেছি। বাংলাদেশের নির্বাচনী পরম্পরা বজায় রেখে সেইসব নির্বাচনেও আমরা দেখেছি নানান অনিয়ম। জাতীয় নির্বাচনেও ছাত্র সংসদ নির্বাচন থেকে ধার করা এইসব অনিয়ম রাখা যেতেই পারে। চলুন জেনে আসা যাক, ছাত্র সংসদ নির্বাচনের কোন অনিয়মগুলো জাতীয় নির্বাচনে রাখা যায়। 

 

# অমোচনীয় কালি

ছাত্র সংসদ নির্বাচনে অমোচনীয় কালি ছিলো ঠিকই, কিন্তু সেগুলো একটা ডলা দিলেই মুছে যেতো। জাতীয় নির্বাচনে আশা করি এমন ওয়ানটাইম কালির ব্যবস্থা থাকবে। ভোট দিয়ে আসবো, একটা ডলা দিব, কালি মুছে যাবে, আবার ভোট দিতে যাব।

 

# নীলক্ষেতের ব্যালট

ছাত্র সংসদ নির্বাচনে নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোর মতো ঘটনা ঘটেছে। এমনটা হতেই পারে। নির্বাচন কমিশন একা আর কত ব্যালট ছাপাবে। জাতীয় নির্বাচনেও চাইলে নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোর ব্যবস্থা রাখা যায়। 

 

# বোরখা পরে ভোটকেন্দ্রে বহিরাগত প্রবেশ

জকসু নির্বাচনে বোরখা পরে বহিরাগত লোক ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছে, ভোট কারচুপির চেষ্টা করেছে। বাধা দিতে গেলে হিজাব খুলে ফেলার মতো ধর্মীয় কার্ড খেলে ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টাও করা হয়েছে। জাতীয় নির্বাচনেও এমন সুযোগ রাখার দরকার আছে।

 

# ভোটের দায়িত্বশীলদের পক্ষপাতিত্ব

যারা ভোট পরিচালনার দায়িত্ব পান সাধারণত তারা কারও দিকে পক্ষপাতিত্ব করেন না। এমনটাই নিয়ম। কিন্তু ছাত্রসংসদ নির্বাচনে আমরা দেখেছি, অনেক শিক্ষকই একটা নির্দিষ্ট দলের প্রার্থীদের হয়ে প্রচারণা চালানো থেকে শুরু করে ভোটের দিন অবৈধ সুবিধা প্রদানে ছিলেন সামনের সারিতে। জাতীয় নির্বাচনের দায়িত্বশীলদের উচিত হবে পছন্দের দলকে এমন সুযোগ তৈরি করে দেয়া। 

 

# ভোট গণনার সময় কোনো দলের প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ

ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে, ভোট গণনার সময় অনেক প্রার্থী কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছেন। কোনো কোনো দলের প্রার্থীকে ভেতরে ঢুকতেই দেয়া হয়নি। জাতীয় নির্বাচনেও ইসি যেন এই বিষয়টা খেয়াল রাখেন। অন্তত নিজের পছন্দের প্রার্থীকে গণনা রুমে প্রবেশ করার সুযোগ দেওয়া উচিত।

৪০ পঠিত ... ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে

Top