লেখা: ফাহিম আনাম মেঘ
ঢাকা-৮ আসন ঘিরে যে নাটকীয়তা চলছে তা কোনো থ্রিলার সিরিজের থেকে কোনো অংশে কম না। এমন হাড্ডাহাড্ডি লড়াই শেষবার দেখা গিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে। ট্রাম্প তো আবেগের বশে বলেই বসেছেন, ওহ্ ম্যান! হোয়াট এ দ্বৈরথ!
সম্প্রতি এপস্টিন কাণ্ডে নিজের নাম জড়িয়ে পড়ায় কিছুটা অস্বস্তিতে রয়েছেন ট্রাম্প। তাই নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে বাংলাদেশকে বেছে নিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, বাংলাদেশিরা অনেক কিউট! যারা ওদের স্বাধীন হওয়া ঠেকাতে আমার থেকেও কয়েক গুণ পাশবিক কর্মকাণ্ড করেছে তাদেরকেই ওরা আজ রাষ্ট্রক্ষমতার চাবি তুলে দিতে একবারও ভাবছে না। সেখানে আমার মতো সামান্য মানবতাবিরোধীরা তো ওদের সামনে নস্যি। এতো বড় বড় অন্যায় অবিচার করার পরেও যেখানে ওরা ওদের রাজনীতিবিদদের বারবার ক্ষমা করে আর বারবার ঠকতে পছন্দ করে; সেখানে আমি গর্ব করে বলতে পারি যে ঢাকা-৮ আসনের জন্য ওরা আমাকে গ্রহণ করবে।
শেষ রাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করার পর থেকে বাইডেন একাকী অবসর সময় কাটাচ্ছেন। ভবিষ্যতে আরো একবার সুযোগ থাকায় ২০২৮ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি অংশ নিবেন, এমন সংবাদই প্রকাশ করেছিল দ্য রেজিস্টার ফোরাম। তবে গোপন সাক্ষাতে বাইডেন জানিয়েছেন যে ঢাকা-৮ এর হয়ে লড়া মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার থেকে কম কিছু না। চলতি দ্বৈরথ দেখে তিনি এখনই অ্যাড্রেনালিন রাশে ভুগছেন! সাথে ট্রাম্পও সেই আসনে লড়বে শুনে উনি শিহরিত। একে তো ঢাকা-৮, তার ওপর প্রতিদ্বন্দী হিসেবে ট্রাম্প- এতকিছু দেখে উনি আর তর সইতে পারছেন না!
ইতিমধ্যেই ট্রাম্প ঘোষণা দিয়ে দিয়েছেন যে উনি জিতলে ঢাকাকে বিভাগ বানান বানাতে চান। তার দেখাদেখি বাইডেনও ঘোষণা দিয়েছেন যে নির্বাচিত হলে ঢাকাকে রাজধানী ঘোষণা করবেন। ৮ নং আসনের বাসিন্দাদের মুখ থেকে চওড়া হাসি কোনোভাবেই যাচ্ছেই না। আর সেখানকার বাসিন্দা না হতে পেরে বাদবাকি ঢাকাবাসী বেশ মনোঃকষ্টে ভুগছেন। পাশের আসনের একজন তো আক্ষেপ করে বলেই বসলেন, আর দুইডা বাড়ি ছাইড়া জন্মাইলে ওগো ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করন লাগতো না!
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জানিয়েছে, বাংলাদেশের উঠতি ওটিটি দর্শক ও চাহিদার কথা মাথায় রেখে পরবর্তী ঢাকা-৮ আসনের নির্বাচনের স্বত্ত কিনতে ঢালিউডের সাথে আলোচনা চলছে। নেটফ্লিক্সের মতো ওটিটি জায়ান্টের সাথে কোল্যাব করতে পেরে ঢালিউড সংশ্লিষ্টরা আবেগে আপ্লুত। শীঘ্রই নির্বাচনের পুরো কাভার দেখার বিষয় সংক্রান্ত আপডেট নেটফ্লিক্স থেকে জানানো হবে।


