একদিন এক প্রভাবশালী রাজনীতিবিদ রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ট্রাকের ধাক্কায় মারা গেলেন। মৃত্যুর পর তার আত্মা গিয়ে হাজির হলো স্বর্গের দরজায়। সেখানে দাঁড়িয়ে আছেন প্রহরী।
প্রহরী বললেন, স্বাগতম। তবে একটা ঝামেলা আছে। এত উঁচু পদমর্যাদার রাজনীতিবিদ এখানে খুব কমই আসে, তাই আপনার ব্যাপারে আমরা নিশ্চিত নই।
রাজনীতিবিদ বললেন, ঝামেলা কীসের? আমাকে ভেতরে ঢুকিয়ে দিন।
প্রহরী মাথা নেড়ে বললেন, দুঃখিত। ওপর থেকে নির্দেশ আছে। আপনাকে এক দিন নরকে আর এক দিন স্বর্গে থাকতে হবে। তারপর আপনি নিজেই ঠিক করবেন—চিরকালের জন্য কোথায় থাকবেন।
রাজনীতিবিদ একটু বিরক্ত হয়ে বললেন, আমি আগেই ঠিক করে ফেলেছি—স্বর্গেই থাকব।
প্রহরী বললেন, নিয়ম মানতেই হবে।
এই বলে তাকে লিফটে তুলে দিলেন। লিফট নামতে লাগল—নিচে, আরও নিচে…
দরজা খুলতেই দেখা গেল—নরক!
কিন্তু নরকটা একদম অচেনা। চারদিকে সবুজ গলফ কোর্স, ঝকঝকে ক্লাবহাউস।
সামনে তার পুরোনো সব বন্ধু—মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ—সবাই হাসিখুশি, স্মার্ট ড্রেস পরে দাঁড়িয়ে আছে।
তারা দৌড়ে এসে জড়িয়ে ধরল, পুরোনো দিনের কথা বলতে লাগল—কীভাবে জনগণের পকেট কেটে সবাই মিলে বড়লোক হয়েছিল!
তারপর গলফ খেলল, লবস্টার আর ক্যাভিয়ার খেল, নাচ-গান হলো।
শয়তান নিজেও খুব ভদ্র—জোক বলছে, নাচছে, সবাইকে এন্টারটেইন করছে।
এত আনন্দে সময় কীভাবে কেটে গেল, টেরই পেল না।
লিফট আবার এসে হাজির। সবাই বিদায় জানাল, আলিঙ্গন করল।
এরপর লিফট উঠতে লাগল—উপরে, আরও উপরে…
দরজা খুলে গেল স্বর্গে।
এবার এক দিন কাটল স্বর্গে—
মেঘে মেঘে ভেসে বেড়ানো, হার্প বাজানো, শান্ত আত্মাদের সঙ্গে গান।
ভালো লাগল ঠিকই, কিন্তু কোথাও যেন একটু ফাঁকা ফাঁকা।
২৪ ঘণ্টা শেষে স্বর্গের দূত ফিরে এসে বললেন, ঠিক আছে। এক দিন নরক, এক দিন স্বর্গ—এখন বলুন, চিরকালের জন্য কোথায় থাকতে চান?
রাজনীতিবিদ একটু ভেবে বললেন, স্বর্গ খুব সুন্দর, সন্দেহ নেই। কিন্তু… আমার মনে হয় নরকেই থাকলে বেশি ভালো হবে।
প্রহরী আবার তাকে লিফটে তুলে দিলেন। লিফট নামল—নিচে, নিচে, নিচে…
দরজা খুলতেই রাজনীতিবিদ হতবাক!
চারদিকে শুধু ময়লা আর আবর্জনা। দুর্গন্ধে টেকা দায়। বন্ধুরা সবাই ছেঁড়া কাপড়ে, মাথা নিচু করে ময়লা কুড়িয়ে কালো ব্যাগে ভরছে। কোথাও গলফ নেই, খাবার নেই, গান নেই—শুধু দুর্দশা।
ঠিক তখন শয়তান এসে তার কাঁধে হাত রাখল।
রাজনীতিবিদ কাঁপা গলায় বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল এখানে গলফ ছিল, খাবার ছিল, নাচ-গান ছিল! আজ সব উধাও কেন?
শয়তান মুচকি হেসে বলল, গতকাল আমরা ক্যাম্পেইন করছিলাম। আর আজ… আপনি আমাদের ভোট দিয়েছেন।



পাঠকের মন্তব্য