বিরক্ত হয়ে কিরন রাও বললেন, না... আমি হ্যাক হইনি!

৩৩ পঠিত ... ১৭:৫৩, ফেব্রুয়ারি ০১, ২০২৬

সারাদিন ধরে দেশের অনলাইন দুনিয়ার প্রধান আলোচনার বিষয় ছিল জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর। তবে ‘এক্স’ শব্দটির আধুনিক অর্থ (সাবেক টুইটার) উপেক্ষা করে একটি অংশের নেটিজেন এটি আমির খানের ‘এক্স’ অর্থাৎ প্রাক্তন স্ত্রী কিরন রাও হিসেবে ধরে নেন।

এই ব্যাখ্যার ওপর ভিত্তি করেই দ্রুত সিদ্ধান্তে পৌঁছান তারা আমির খানের এক্স কিরন রাও হ্যাক হয়েছেন। এরপর বিষয়টি নিশ্চিত হতে সকাল থেকেই কিরন রাওয়ের ইনবক্সে একের পর এক নক দিতে থাকেন সংশ্লিষ্টরা। কেউ জানতে চান, আপু, আপনি ঠিক আছেন তো? আবার কেউ লেখেন, এক্স হ্যাক হইলে কী ফিল লাগে? দিনভর নিজেকে ‘হ্যাকড মানুষ’ হিসেবে পরিচয় দিতে দিতে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নিজের এক্স অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন কিরন রাও। সেখানে তিনি লেখেন, না, আমি হ্যাক হইনি। রেগেমেগে সেই পোস্ট পরে এডিট করে তিনি আরও লেখেন, আপনারা কী মানুষ নাকি গরু? একটা মানুষ হ্যাক হয় কীভাবে?

ঘনিষ্ঠ সূত্র জানায়, স্ট্যাটাস দেওয়ার আগ পর্যন্ত কিরন রাও অন্তত ৪০টির বেশি মেসেজে, হ্যাক হলে হাসপাতালে গেছেন কিনা, জাতীয় প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এমনকি একজন নাকি তাকে পরামর্শ দিয়েছেন, প্রয়োজনে নিজেকে রিস্টার্ট দিয়ে দেখতে।

৩৩ পঠিত ... ১৭:৫৩, ফেব্রুয়ারি ০১, ২০২৬

Top