চারিদিকে ঈদের আনন্দের মতো করে চলছে ভোট উৎসব। চারিদিকে সাজ সাজ রব, সেজেগুজে যাচ্ছে, ভোট দিচ্ছে, ছবি তুলে শেয়ার করছে। এত আনন্দ স্বচক্ষে দেখতে রাস্তায় হাঁটা দিয়েছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা আবিষ্কার করলাম একজন ভোটার অত্যন্ত মন খারাপ করে রাস্তার পাশে বসে আছেন।
আমাদের প্রতিনিধি দ্রুত তার সামনে মাইক ও ক্যামেরা ধরে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করল। তিনি মন খারাপ করে আমাদের জানালেন, আমি গেছিলাম ভোট দিতে ব্রো। ঢুকে ব্যালট পেপার দেখলাম, দেখি ব্যালট পেপারে প্রতীকের পাশের ঘরগুলো পুরো খালি। কোনো ইমোজিই নাই! আমি কীভাবে ভোট দেব তাহলে? হাহা, অ্যাংরি, স্যাড ইমোজি ছাড়া ভোট কীভাবে দেয় ব্রো? এই কথা বলেই তিনি হাপুস নয়নে কাঁদতে থাকলেন।
এরপর পরই তার আরেকজন বন্ধু এসে জানালেন, তিনিও জেন-জি ভোটার। তিনিও ভোট দিতে পারেননি ইমোজি না থাকায়। তিনি আরও বলেন, আমরা এতদিন ফেসবুকে যত ভোট দিয়েছি সব ইমোজি দিয়ে। এখন দেখি ইমোজিই নেই! শুধু কয়েকটা প্রতীক দিয়ে রেখেছে! এর বড় ভুল কীভাবে হয়? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব নোংরামো মনে রাখা হবে!


