সারাদেশে আজ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, সেলফি আর আঙুলের নীল কালির ছবি যখন ফেসবুকের নিউজফিড দখল করে নিয়েছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী প্রতিবাদে সরব হয়েছে রাজধানীর বারিধারার বাসিন্দা জেবু। জেবু আর কেউ নন, তিনি জাইমা রহমানের অতি আদরের বিড়াল।
ফেসবুকে মানুষের ভোট দেওয়ার উল্লাস দেখে রীতিমতো ‘ডিপ ডিপ্রেশনে’ চলে যাওয়া জেবু আজ বিকেলে তার ক্যাফেটেরিয়ার কোনায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বিড়ালদের ভোটাধিকার দেওয়ার জন্য জোরালো দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিড়ালদের প্রতিনিধি হিসেবে জেবু অত্যন্ত গম্ভীর মুখে লেজ নেড়ে বলেন, সকাল থেকে দেখছি ফেসবুক ভর্তি শুধু মানুষের আঙুলের ছবি। তারা ভোট দিয়ে এসে ড্রয়িংরুমে বসে আমাদের সাথে ভাব নিচ্ছে। অথচ আমরা এই বাড়িতে থাকি, মাছের ভাগ নিই, কিন্তু দেশের নীতিনির্ধারণে আমাদের কোনো হাত নেই। এটা কি ইনসাফ?
কিছু অভিমান করে জেবু বলেন, এই যে জাইমা, তারেক আর জোবায়দা—তিনজন আমার ঘরে থাকে, আমার এখানে খায়, আর ভোট দিতে গেছে আমারে ছাড়া, ছবিও তুলছে আমারে ছাড়া! এইসব তো মেনে নেয়া যায় না।
জেবু আরও যোগ করেন, আমরা যদি ইঁদুর ধরে ঘর পরিষ্কার রাখতে পারি, তবে ব্যালট পেপারে থাবা দিয়ে কেন নেতা নির্বাচন করতে পারব না?


